শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাটজিপিটির পুরোনো কথা মনে রাখবে জেমিনি: চ্যাট ইতিহাস স্থানান্তরের সুবিধা দিচ্ছে গুগল

অনেক দিন ধরে যারা চ্যাটজিপিটি বা অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীর সঙ্গে কাজ করছেন, তাদের বড় একটি ভয় ছিল—নতুন এআইয়ে গেলে আগের সব কথোপকথন হারিয়ে যাবে। সেই ভয় দূর করতে নতুন একটি সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে গুগল। তাদের এআই সহকারী জেমিনিতে শিগগিরই অন্য এআই প্ল্যাটফর্মের চ্যাট ইতিহাস আনার সুযোগ মিলতে পারে।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গুগল বর্তমানে ‘ইমপোর্ট এআই চ্যাটস’ নামে একটি ফিচার পরীক্ষা করছে। এই সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা চ্যাটজিপিটি, ক্লড (Claude) কিংবা মাইক্রোসফট কোপাইলট (Microsoft Copilot)-এ করা পুরোনো কথোপকথন জেমিনি-তে নিয়ে আসতে পারবেন। এতে নতুন করে সব ব্যাখ্যা বা কাজের ধরন বুঝিয়ে দিতে হবে না।

পরীক্ষামূলক সংস্করণে দেখা গেছে, জেমিনি-র মূল ইন্টারফেসে থাকা প্লাস (+) চিহ্নে ক্লিক করলে এই অপশন দেখা যায়। ব্যবহারকারীকে প্রথমে অন্য এআই সেবা থেকে নিজের চ্যাট ইতিহাস ডাউনলোড করতে হবে। এরপর সেই ফাইল জেমিনি-তে আপলোড করা যাবে। পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ব্যবহারকারী সহজেই পুরোনো আলোচনা নতুন জায়গায় চালিয়ে নিতে পারেন।

তবে এই সুবিধা এখনো সবার জন্য উন্মুক্ত নয়। প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন পিসিম্যাগ (PCMag) জানিয়েছে, একাধিক অ্যাকাউন্টে চেষ্টা করেও তারা এই ফিচার ব্যবহার করতে পারেনি। এতে বোঝা যায়, এটি এখনো সীমিত পরিসরে পরীক্ষা চলছে। গুগলও আনুষ্ঠানিকভাবে জানায়নি, কবে এটি সবার জন্য চালু হবে।

এই ফিচার দিয়ে আপাতত শুধু আগের কথোপকথনই আনা যাবে। ব্যবহারকারীর সংরক্ষিত স্মৃতি বা ব্যক্তিগত সেটিংস এখনো স্থানান্তর করা যাবে না। কোন ধরনের ফাইল আপলোড করা যাবে, সে বিষয়েও এখনো স্পষ্ট নির্দেশনা দেয়নি গুগল।

চ্যাট আমদানির সময় একটি সতর্কবার্তাও দেখানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে, আপলোড করা তথ্য জেমিনি অ্যাক্টিভিটি-তে সংরক্ষিত হবে এবং গুগলের সেবা উন্নত করতে ব্যবহার করা হতে পারে। এমনকি এসব তথ্য দিয়ে জেনারেটিভ এআই (নিজে নিজে কনটেন্ট তৈরি করা এআই) প্রশিক্ষণ দেওয়া হতে পারে। ফলে পুরোনো চ্যাটে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য থাকলে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

চ্যাট আমদানির পাশাপাশি জেমিনি-তে আরও কিছু নতুন সুবিধা পরীক্ষাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে উন্নত মানের ছবি ডাউনলোডের সুযোগ। পরীক্ষামূলকভাবে 2K ও 4K রেজল্যুশনের ছবি নামানোর অপশন দেখা গেছে। 4K মানকে প্রিন্টের জন্য সবচেয়ে ভালো হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ‘লাইকনেস (Likeness)’ নামে একটি ফিচারও পরীক্ষাধীন, যা দিয়ে বোঝা যাবে কোনো ভিডিও গুগলের এআই দিয়ে তৈরি কি না। ভবিষ্যতে এই সুবিধা ব্যবহার করে কেউ অনুমতি ছাড়া নিজের মুখ বা কণ্ঠস্বর ব্যবহার হয়েছে কি না, সেটিও শনাক্ত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, যদি গুগল এই ফিচার সফলভাবে চালু করতে পারে, তাহলে এআই ব্যবহারের জগতে বড় পরিবর্তন আসতে পারে। কারণ এত দিন এক এআই থেকে অন্য এআইয়ে যাওয়ার সবচেয়ে বড় বাধা ছিল পুরোনো তথ্য হারানোর ভয়। সেই বাধা সরলে ব্যবহারকারীরা সহজেই নতুন এআই ব্যবহার করতে আগ্রহী হবেন।

যদিও এখনো এই ফিচার চালুর নির্দিষ্ট সময় জানানো হয়নি, তবে জেমিনি-র ইন্টারফেসে এটি পরীক্ষামূলকভাবে দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে, খুব বেশি দেরি নেই।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়