গুগলি নিউজ: হাজার হাজার ফুট উঁচুতে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সময় আকাশে অচেনা ও রহস্যময় কোনো বস্তু (ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যারিয়াল ফেনোমেনা) প্রত্যক্ষ করার দাবি করেছেন একাধিক পাইলট। ককপিট থেকে হঠাৎ অদ্ভুত গতি ও আলোর ঝলকানি দেখতে পাওয়ার পর তারা তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি অবহিত করেন।
কন্ট্রোল রুম ও পাইলটদের মধ্যকার অডিও রেকর্ডে শোনা যায়, বিমানচালকরা তাঁদের নিয়মিত ফ্লাইট রুটের খুব কাছাকাছি উজ্জ্বল ও দ্রুতগতির একটি বস্তুকে অস্বাভাবিক কায়দায় গতিপথ পরিবর্তন করতে দেখেন। কোনো পরিচিত বাণিজ্যিক ড্রোন বা সামরিক বিমানের মতো এর আকার ছিল না এবং প্রচলিত বিমান রাডারেও বস্তুর স্পষ্ট কোনো সংকেত ধরা পড়ছিল না।
একাধিক ফ্লাইটের ক্রু সদস্য একই সময়ে একই আকাশে এ অস্বাভাবিক দৃশ্য দেখার কথা নিশ্চিত করায় বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এটি কোনো আবহাওয়া বেলুন, স্পেস ডেব্রি (মহাকাশের ধ্বংসাবশেষ), উচ্চ প্রযুক্তির গোপন সামরিক ড্রোন নাকি কোনো প্রাকৃতিক অপটিক্যাল বিভ্রম- তা খতিয়ে দেখতে সামরিক ও বেসামরিক এভিয়েশন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।