চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন।
এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিভাগীয় মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের এপ্রিলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কাজী মিজানুর রহমানের। পরে ওই নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে।
বিভাগীয় নথির সারসংক্ষেপে বলা হয়, এ ঘটনায় দায়ের করা মামলার আদালতের পর্যবেক্ষণেও তাদের স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে জড়ানোর বিষয়টি উঠে আসে।
বিভাগীয় তদন্তে বলা হয়েছে, একজন পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়।
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির ২৫ অক্টোবরের অনুমোদনের পর তার অবসরের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।