স্পোর্টস ডেস্ক: আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে আলোচনা কম হয়নি। এই নিয়ম বাতিলের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত আগামী মৌসুমেও নিয়মটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিয়ম পরিবর্তন হলে ১০ দলের পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে এখনো আইপিএলের ১০ দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেনি গভর্নিং কাউন্সিল। ফলে আগামী মৌসুমের আগে নিয়ম পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।
আইপিএলের আসন্ন ছোট নিলাম সামনে রেখে দলগুলো ইতিমধ্যে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে। ক্রিকেটার অদলবদল থেকে শুরু করে নিলামে কাদের দলে নেওয়া হবে, সব পরিকল্পনাতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। এই মুহূর্তে নিয়মটি বাতিল হলে দলগুলোর সাজানো পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, বড় নিলামের আগে আর মাত্র একটি মৌসুম বাকি। তাই এখন নিয়ম পরিবর্তন করলে দলগুলো সমস্যায় পড়বে। কারণ, প্রতিটি দলই একজন অতিরিক্ত ব্যাটার কিংবা বোলার ব্যবহারের সুযোগ মাথায় রেখে স্কোয়াড সাজায়।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, অন্তত চারটি দল ইতিমধ্যে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম পরিবর্তনের বিপক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে। তাদের আশঙ্কা, নিয়ম বাতিল হলে দল গঠনের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
আইপিএলের পরবর্তী বড় নিলামের সময় দলগুলো নতুন করে পরিকল্পনা সাজানোর সুযোগ পাবে। তখন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও দলগুলোর প্রস্তুতিতে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপাতত ফ্র্যাঞ্চাইজিগুলোর স্বার্থ বিবেচনায় নিয়ে আগামী মৌসুমেও নিয়মটি বহাল রাখার পথেই হাঁটছে বিসিসিআই। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।