স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের বদলে হাতে তুলে নিয়েছিলেন বেসবলের ব্যাট। নতুন খেলায় নেমেও জয় পেলেন হার্দিক পাণ্ড্য। পুরস্কার হিসেবে জিতেছেন এক লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা। তবে এই অর্থ নিজের জন্য রাখছেন না ভারতের অলরাউন্ডার। পুরো টাকাই দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বিষয়টি সামনে এসেছে জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্টের একটি ভিডিওতে। বিভিন্ন খেলার তারকা ক্রীড়াবিদদের নিয়ে বেসবল চ্যালেঞ্জের আয়োজন করেন তিনি। চ্যালেঞ্জে জয়ী হলে মেলে মোটা অঙ্কের নগদ পুরস্কার। এবার সেই প্রতিযোগিতায় অংশ নেন হার্দিক।
চ্যালেঞ্জে ছিল দুটি শর্ত—বেসবলের ব্যাটে বল মাঠের বাইরে পাঠানো এবং প্রতিপক্ষের চেয়ে বেশি রান করা। ক্রিকেট ব্যাট হাতে অসংখ্য ম্যাচে দলকে জেতানো হার্দিক বেসবলেও দেখিয়েছেন দক্ষতা। প্রতিপক্ষের রান ছাড়িয়ে যাওয়ায় জয়ী হন তিনি। পুরস্কার হিসেবে এক লাখ ডলার দেওয়ার ঘোষণা দেন মিস্টার বিস্ট।
তবে পুরস্কারের অর্থ নিজের কাছে রাখতে চাননি হার্দিক। কুকুরের কল্যাণে কাজ করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে এই অর্থ দান করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
এদিকে ক্রিকেটে হার্দিকের প্রত্যাবর্তন নিয়েও অপেক্ষা দীর্ঘ হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। এরপর একাধিক আন্তর্জাতিক সিরিজ হলেও চোটের কারণে খেলা হয়নি তাঁর। নিউজিল্যান্ড সফরেও দলের সঙ্গে যেতে পারেননি হার্দিক।