স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট জয়ের পরই যেন ছন্দ হারিয়েছে বাংলাদেশ। এরপর একের পর এক ব্যর্থতার পেছনে ক্রিকেটারদের আর্থিক অনিশ্চয়তাকেও বড় কারণ হিসেবে দেখছেন ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল। তাঁর মতে, বিপিএল না হওয়ার ঘোষণা খেলোয়াড়দের মানসিকতায় প্রভাব ফেলেছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে মাঠের পারফরম্যান্সে।
মিরপুর টেস্টে বাংলাদেশের হারের পর দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে বাদল বলেন, 'অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট জয়ের পর বিপিএল না হওয়ার ঘোষণা খেলোয়াড়দের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলেছে। একজন খেলোয়াড় যখন একটা ট্যুরের মাঝখানে দেখে যে তার আয়ের উৎসে ভাটা পড়েছে, তখন তো স্বাভাবিকভাবেই মন খারাপ হবে।
ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার অভিজ্ঞতা থেকে বাদলের ধারণা, অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের পর থেকেই ফলাফলে পরিবর্তন এসেছে। যদিও বিষয়টিকে নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণ হিসেবেই উল্লেখ করেছেন তিনি।
বিপিএল আয়োজন না করার পেছনে ব্যবসায়িক কারণ থাকতে পারে বলেও মনে করেন এই সংগঠক। গত কয়েক আসরে লোকসানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়িক দিক থেকে দেখলে বিপিএল বন্ধ করাটা তাদের জন্য হয়তো উচিত হয়েছে। কিন্তু ক্রিকেটারদের কথা চিন্তা করে বিপিএলটা অন্যভাবে আয়োজন করা যেত।’
এদিকে বিপিএল না হলেও ক্রিকেটারদের আয়ের সুযোগ তৈরি করতে ডি-থ্রি টুর্নামেন্ট ও ম্যাচ ফির ব্যবস্থা করায় বর্তমান বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বাদলের ভাষায়, ‘ডি-থ্রি একটা টুর্নামেন্ট হচ্ছে, তিনটা ফরম্যাটে ক্রিকেটারদের ম্যাচ ফির মাধ্যমে খেলানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি মনে করি, এটা খুবই প্রশংসনীয়। কিছু না হলেও বোর্ড ডি-থ্রি করছে।
তবে শুধু ম্যাচ ফির ওপর নির্ভর করে ক্রিকেটারদের আর্থিক প্রত্যাশা পূরণ হবে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। বাদল বলেন, ‘একজন খেলোয়াড় কিছুদিন আগে কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে, আর এখন সেই খেলোয়াড় শুধু ম্যাচ ফি পাবে। তার মন-মানসিকতাটাও একটু চিন্তা করেন।