স্পোর্টস ডেস্ক : বেলজিয়াম যে লড়াইয়ে পিছিয়ে ছিলো তা নয়। ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ফ্রান্স। মনে হচ্ছিল, বেলজিয়ামের কাছে ঘরের মাঠেই বড় ধাক্কা খেতে যাচ্ছে জিনেদিন জিদানের দল। কিন্তু শেষ ১৪ মিনিটে পাল্টে গেল পুরো ম্যাচের চিত্র। চার গোল করে বেলজিয়ামকে ৪-১ ব্যবধানে হারাল ফ্রান্স।
উয়েফা নেশনস লিগে সোমবার রাতে দদি লুকেবাকিওর গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। ৩৫ মিনিটে রোমেও লাভিয়ার থ্রু বল ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন লুকেবাকিও।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না ফ্রান্স। ৭২ মিনিটে মাঠে নামানো দেজিরে দুয়ে পাঁচ মিনিটের মধ্যেই সমতা ফেরান। এরপর ৮১ মিনিটে রায়ান শের্কির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ দিকে ৮৮ ও ৯১ মিনিটে জোড়া গোল করে বেলজিয়ামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাইকেল ওলিসে।
মজার বিষয়, ফ্রান্সের চার গোলই এসেছে বদলি খেলোয়াড়দের পা থেকে। ম্যাচে প্রায় ৬৬ শতাংশ বলের দখল রেখে ২৩টি শট নেয় ফ্রান্স, যার আটটি ছিল লক্ষ্যে। বেলজিয়ামের পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।
জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষে ফ্রান্স। একই সময়ে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। বেলজিয়ামের পয়েন্ট ৬, আর চার ম্যাচেই হেরে তুরস্ক তলানিতে।
হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় বেলজিয়ামের হয়ে খেলতে পারেননি অধিনায়ক ইউরি টিলেমান্স ও মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে। তবে শুরুতে ফ্রান্সকে চাপে রেখেছিল বেলজিয়াম। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড়দের ঝড়ে সব হিসাব পাল্টে যায়।