স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে যাচ্ছেন। মঙ্গলবার বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেই নীল-সাজা জার্সিতে শেষবার মাঠে নামবেন ৩৯ বছর বয়সী এই তারকা।
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মনুমেন্টালে উপস্থিত থাকবেন প্রায় ৮৫ হাজার দর্শক। থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের একাধিক সদস্য এবং দেশটির নতুন প্রজন্মের ফুটবলাররা। ফলে ম্যাচটি শুধু মেসির বিদায় নয়, আর্জেন্টিনা ফুটবলে একটি যুগের অবসান এবং নতুন যুগের সূচনার প্রতীকও হয়ে উঠছে।
আর্জেন্টিনার হয়ে মেসি একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা জয়ের পাশাপাশি দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি। সঙ্গে রয়েছে রেকর্ড ৬৮টি অ্যাসিস্ট। এর আগে নিউ জার্সিতে স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসিকে কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে দেখা যায়। সেই ম্যাচে নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।
আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার সময় মেসি বলেছিলেন, তিনি দেশের হয়ে নিজের সবটুকু দিয়ে দিয়েছেন। পাশাপাশি আর্জেন্টিনার নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি। মেসির শেষ ম্যাচে উপস্থিত থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের একাধিক সতীর্থ। তাঁদের মধ্যে থাকবেন আর্জেন্টিনার প্রাক্তন তারকা এঞ্জেল দি মারিয়াও, যিনি ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন।
মেসির বিদায়কে ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে আর্জেন্টিনা শিবিরেও। কোচ লিওনেল স্কালোনি বলেন, “এটি সবার জন্য একটি অবিস্মরণীয় দিন হতে যাচ্ছে। সবাই এই ম্যাচে থাকতে চায়। এখন শুধু মুহূর্তটি উপভোগ করার পালা। মেসির পাশাপাশি মঙ্গলবার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে পারেন ৩৮ বছর বয়সী নিকোলাস ওতামেন্দিও। রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোকেও শুধু বেনিন ম্যাচের জন্য দলে রাখা হয়েছে। ফলে তাঁদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্রিস্তিয়ান রোমেরো। ২০২২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এই ডিফেন্ডারই মেসির কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ড পাওয়ার সম্ভাব্য উত্তরসূরি।
এর পরের সারিতে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। অন্যদিকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজদের ওপরই নির্ভর করবে আর্জেন্টিনার পরবর্তী প্রজন্ম।
মেসিকে ছাড়া আর্জেন্টিনা ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর বুরকিনা ফাসোর বিরুদ্ধে ৭-০ গোলে বড় জয় পেয়েছে। ওই ম্যাচে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি আর্জেন্টিনার হয়ে নিজেদের প্রথম আন্তর্জাতিক গোল করেন। মেসির বিদায়ের পর সবচেয়ে বড় প্রতীকী প্রশ্নগুলোর একটি,আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কে পরবেন?
তবে এ বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে চান না স্কালোনি। তিনি বলেন, “লিওর ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমরা ১০ নম্বর জার্সি কাউকে দেব না। বেনিনের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ তাই শুধু একটি প্রীতি ম্যাচ নয়। এটি মেসির দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায় এবং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন যুগে প্রবেশের মুহূর্ত।