স্পোর্টস ডেস্ক : রানের পাহাড় গড়েও শেষ ম্যাচ জিততে পারেনি ভারত। ঘরের মাঠে এমন হারের পর ভারতের বোলিং আক্রমণ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তার দাবি, এই বোলিং লাইনআপ নিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনাই নেই ভারতের।
চণ্ডীগড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৩৫১ রান করেছিল ভারত। জবাবে শাই হোপের দুর্দান্ত ১৬২ রানের ইনিংসে ভর করে ১০ বল হাতে রেখেই সেই রান টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ।। এটি ওয়ানডেতে তাদের সর্বোচ্চ সফল রান তাড়া। তিন ম্যাচের সিরিজ অবশ্য ২-১ ব্যবধানে জিতেছে ভারত। ভারতের বোলারদের এমন পারফরম্যান্সে হতাশ শ্রীকান্ত বিশেষভাবে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ সিরাজকে শেষ দিকে ব্যবহার না করা নিয়ে। -- ডেইলি ক্রিকেট
তাঁর ভাষায়, 'সিরাজের দুই ওভার বাকি ছিল। এমনকি সে ৫০তম ওভার করলেও মোট নয় ওভারই করত। আমি এই যুক্তি বুঝতে পারিনি। কাম্বোজ যে শেষ ওভার করেছে, সেটি সিরাজেরই করা উচিত ছিল।'
ব্রার ও কাম্বোজ মিলে ১৮ ওভার বল করে ১৪৬ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট। ভারতের এই বোলিংকে সরাসরি ‘সাদামাটা’ আখ্যা দিয়ে তিনি বলেন, 'ভারতের বোলিং খুবই সাদামাটা। এই বোলিং নিয়ে বিশ্বকাপ জেতার কোনো সুযোগ নেই। ভারত শুধু গুরনূর ব্রার ও আনশুল কাম্বোজের মতো নতুনদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। এর কোনো যুক্তি নেই।'
হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে নিয়মিত সুযোগ দেওয়া হলেও আট ওয়ানডেতে বল হাতে তার গড় ৯১.৩৩। ফলে আলোচনায় নীতিশকেও ছাড় দেননি শ্রীকান্ত। বলেন, 'বল একটু বেশি বাউন্স করলেই নীতিশ কুমার রেড্ডি সমস্যায় পড়ে যায়। মার খেলেও সে বোলিং করে যাচ্ছে। কোনোভাবে তাকে অলরাউন্ডার বানানোর চেষ্টা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটের জন্য এটি ভালো লক্ষণ নয়। বাউন্সি উইকেটে তার ব্যাটিংও সন্দেহ জাগায়।