স্পোর্টস ডেস্ক : জয়ের সুখস্মৃতি নিয়েই এশিয়ান গেমসের হকি অভিযান শেষ করল বাংলাদেশ নারী দল। শুক্রবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে নবম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।
ম্যাচের ১০ মিনিটেই ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। প্রথমার্ধে সেই লিড ধরে রেখে স্বস্তিতে বিরতিতে যায় বাংলাদেশ।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে সিঙ্গাপুর। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে লিমা আক্তার মাঠের বাইরে গেলে ১০ জনের বাংলাদেশকে আরও চাপে ফেলে তারা। এর দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান তৌ লি মিন।
নির্ধারিত ৬০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে স্নায়ুর চাপ সামলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।
এই জয়ে এশিয়ান গেমসে নিজেদের প্রথম অংশগ্রহণেই নবম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। হার দিয়ে শুরু হলেও শেষ ম্যাচের জয়েই এশিয়াড অভিযান শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।