স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট 'এসএ টোয়েন্টি'র পঞ্চম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন নাহিদ রানা। বাংলাদেশের এই গতি তারকার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ১২ লাখ টাকারও বেশি।
আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টির নিলাম। এর জন্য নিবন্ধন করেছিলেন মোট ৭৮৯ জন ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৫৬ জন। তালিকায় ৯৫ জন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের পাশাপাশি আছেন ৬১ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশ থেকে চূড়ান্ত তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন নাহিদ। -- ডেইলি ক্রিকেট
নিলামের তালিকায় না থাকলেও এবার এসএ টোয়েন্টির আসন্ন আসরে আগেই নিজের জায়গা করে রেখেছেন রিশাদ হোসেন। প্রি-সাইনিংয়ে এই টাইগার লেগ স্পিনারকে দলে ভিড়িয়ে রেখেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।
তবে নিলামে সব ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে না। ১৯ সদস্যের স্কোয়াড পূর্ণ হওয়ায় নিলাম থেকে নিজেদের দূরে রাখছে পার্ল রয়্যালস। ফলে জোবার্গ সুপার কিংস, এমআই কেপটাউন, প্রিটোরিয়া ক্যাপিটালস ও সানরাইজার্স ইস্টার্ন কেপ অংশ নিচ্ছে নিলাম পর্বে। এজন্য চার দলের হাতে থাকছে ২.১১ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট।
এবারের নিলাম থেকে সর্বোচ্চ ৬ জন করে ক্রিকেটার দলে নিতে পারবে সুপার কিংস ও কেপ টাউন। এছাড়া প্রিটোরিয়া ক্যাপিটালস নিতে পারবে ৫ জন এবং সানরাইজার্স নিতে পারবে দুজন ক্রিকেটার।
এসএ টোয়েন্টির এই আসরের নিলামের সবচেয়ে বড় তারকা দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও বেশ ছন্দে আছেন এই ব্যাটার। সম্প্রতি ইটিপিএলে ১৫১.৭ শ্তড়াঈক রেটে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৩৫ রান করেন ফাফ।