স্পোর্টস ডেস্ক : ফুটবলের প্রায় সব বড় অর্জনই আছে লিওনেল মেসির ঝুলিতে। বিশ্বকাপ, কোপা আমেরিকা থেকে ব্যালন ডি’অর—সবই জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তাঁর অর্জনের মুকুটে যোগ হচ্ছে আরও এক বিশেষ সম্মান। বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি।
আর্জেন্টিনার অন্যতম মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল সর্বসম্মতভাবে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং দেশের প্রতিনিধিত্বের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হচ্ছে।
আগামী ৬ অক্টোবর মেসির হাতে তুলে দেওয়া হবে ডক্টরেট। একই দিন কয়েক ঘণ্টা পরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা তাঁর। বুয়েনস আইরেসের মনুমেন্টালে বিশেষ বিদায়ী ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে খেলেছেন মেসি। তাঁর নেতৃত্বে ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। দেশের জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারের শেষ অধ্যায়ের আগে এবার মাঠের বাইরেও মিলল বিরল এক স্বীকৃতি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকার্দো গেলপি মেসিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের অন্যতম দূত হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বিনয় ও অধ্যবসায়েরও প্রশংসা করেছেন তিনি। ফলে শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে মেসির নামের পাশে যোগ হচ্ছে নতুন পরিচয়—‘ডক্টর’।