স্পোর্টস ডেস্ক : ২০২৭ সালে শুধু একটি টেস্ট খেলতেই কি ইংল্যান্ড যাবে বাংলাদেশ? আপাতত সূচি বলছে তাই-ই। তবে সফরটি যেন শুধু একটি ম্যাচেই সীমাবদ্ধ না থাকে, সে জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৭ সালের ২৮ মে লর্ডসে একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে এই সফরে শুধু একটি ম্যাচ খেলে ফিরে আসতে চায় না বিসিবি। সফরের সঙ্গে আরও কিছু ক্রিকেটীয় আয়োজন যোগ করার বিষয়ে ইসিবির সঙ্গে আলোচনা চলছে। ----- ডেইলি ক্রিকেট
বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, আলোচনায় ইতিবাচক সাড়া মিলেছে ইংল্যান্ডের কাছ থেকে।
তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। শুধুমাত্র একটি টেস্ট খেলা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু একটি টেস্ট খেলতে গেলে যদি আরও কিছু কনটেন্ট যোগ করা যায়, তাহলে সফরটা আমাদের জন্য আরও স্মরণীয় হবে।
নাফীস আরও জানান, এ বিষয়ে ইসিবি বেশ সহযোগিতাপূর্ণ এবং ইতিবাচকভাবে আলোচনা করছে।
তবে এখনই বাড়তি ম্যাচ বা আয়োজন নিশ্চিত করে বলতে পারছে না বিসিবি। আনুষ্ঠানিকভাবে বিষয়টি চূড়ান্ত করে মিডিয়া রিলিজ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তারপরও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এই কর্মকর্তার বক্তব্যে মিলেছে আশার বার্তা—২০২৭ সালের ইংল্যান্ড সফরটি শুধু একটি টেস্টে সীমাবদ্ধ না রাখার চেষ্টা চলছে।