স্পোর্টস ডেস্ক : বুধবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচনে বসবে বোর্ডের নির্বাচক কমিটি। এটাই হতে পারে অজিত আগরকরের শেষ বৈঠকে। সেপ্টেম্বরেই নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হচ্ছে তাঁর। বোর্ড কর্তাদের সেই মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর অনুরোধ করবেন আগরকর।
তবে সিদ্ধান্ত বিসিসিআইয়ের শীর্ষকর্তাদের হাতে। এখনও পর্যন্ত আগরকরের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। এর ফলেই রহস্য আরও বেড়েছে। ভেবে নেওয়া হচ্ছে, বুধবারই শেষবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করবেন আগরকর। --- আজকাল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচ এবং পাঁচটা টি-২০ খেলবে ভারত। টি-২০ দল বাছা নিয়ে কোনও সমস্যা নেই। এশিয়ান গেমসের দলকেই রাখা হবে। তবে একদিনের দল বাছা সহজ হবে না। যাই হোক না কেন, এটাই নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে শেষ বৈঠক হতে চলেছে আগরকরের।
বোর্ডের নিয়ম অনুযায়ী, তিন বছরের মেয়াদ শেষের পর আরও এক বছরের জন্য সেটা বাড়ানো যেতে পারে। কিন্তু আগরকরের ক্ষেত্রে তেমন হওয়ার কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। অন্তত এখনও পর্যন্ত। আগে শোনা গিয়েছিল, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাঁকে রাখা হবে। কিন্তু গত কয়েক সপ্তাহে অনেক কিছু বদলে গিয়েছে। ৪ অক্টোবর চুক্তি শেষ হচ্ছে আগরকরের।
একটি রিপোর্টে জানানো হয়েছে, বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি। জানা গিয়েছে, নিজের ঘনিষ্ঠ মহলে আগরকর জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণার পর, তাঁকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বোর্ড সচিব দেবজিত সাইকিয়াকে মেল করবেন তিনি। বল এখন বোর্ডের কোর্টে। প্রাক্তন ভারতীয় তারকার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কথা না বললেও, তাঁকে না রাখার প্রসঙ্গেও কোনও কিছু জানানো হয়নি। আরও সময় কিনতে চাইছে বোর্ড। তাই ধীরে চলো নীতি নিয়েছে।
অপেক্ষা করে দেখতে চাইছে, পরিস্থিতি কোনদিকে গড়ায়। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়ার। ঋতুরাজ গায়কোয়ার, রজত পতিদারেরও দলে ফেরার সম্ভাবনা রয়েছে।