স্পোর্টস ডেস্ক : গত তিন বছর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল বিদেশে। এবার তা ভারতে ফিরতে চলেছে। মঙ্গলবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ বার ২০২৩-এ কোচিতে আইপিএলের নিলাম হয়েছিল। পরের তিন বছর দুবাই, জেদ্দা এবং আবু ধাবিতে নিলাম হয়েছে।
এবার সেটি ভারতে ফেরানো হচ্ছে। যদিও এটি মিনি নিলাম হবে। পরের বছর মহা নিলাম আবার বিদেশে আয়োজন করা হবে। ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইট এমনই জানিয়েছে। সম্প্রতি আইপিএলের কিছু দলের পক্ষ থেকে বিদেশে নিলাম আয়োজনে আপত্তি জানানো হয়েছিল। --- আনন্দবাজার
দলগুলি জানিয়েছিল, বিদেশে অতিথি-অভ্যাগত এবং কর্তাদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা রয়েছে। এ বারও আবু ধাবিতে নিলাম করার কথা ভাবা হয়েছিল। তবে দলগুলির দাবি মাথায় রেখে তা ভারতেরই কোনও শহরে আয়োজন করা হবে। কোন শহরে হবে তা এখনও ঠিক হয়নি।
আইপিএলের সব দল, বোর্ডকর্তা এবং বাকি সব অভ্যাগতদের রাখা যাবে, এমন হোটেল বা পরিষেবা যে শহরে মিলবে সেখানেই নিলাম আয়োজিত হবে। গভর্নিং কাউন্সিল জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর ভারতে বিয়ের মরসুম।
সে সময় বিলাসবহুল হোটেলগুলিতে যথেষ্ট সংখ্যক ঘর পাওয়া সমস্যার হয়ে যায়। নিলামের জন্য বোর্ডের অন্তত ১০০টি ঘর দরকার হয় দু’রাতের জন্য। সেটি যেখানে পাওয়া যাবে সেখানেই নিলাম হবে। তবে আয়োজনের ক্ষেত্রে অবশ্যই প্রথম সারির কোনও শহরের কথা ভাবা হচ্ছে।
এদিকে, আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে আলোচনার জন্য এক মাসের মধ্যে আবার গভর্নিং কাউন্সিলের একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই বিভিন্ন দল এই নিয়ম নিয়ে আপত্তির কথা জানিয়েছে।