স্পোর্টস ডেস্ক : পচেফস্ট্রুমের যে মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই মাঠেই আবারও মাহাকাব্যিক ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম তুললেন তাওহীদ হৃদয়। তাতে বাংলাদেশ করলো ম্যাচ ড্র।
৬ উইকেটে ৪৭১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। গতকাল ২০৪ রানে অপরাজিত থাকা হৃদয় আজও ছিলেন অবিচল। দিনের শুরুতে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন নাঈম হাসান। তবে ২৭ বলে ১৬ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
এরপর হাসান মুরাদকে নিয়ে প্রতিরোধ গড়েন হৃদয়। তবে দুজনের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩০ বলে ১১ রান করার পর প্যাভিলিয়নে ফিরে যান মুরাদ।
উইকেটে আসার পর হৃদয়কে দারুণ সঙ্গ দিয়েছেন রেজাউর রহমান রাজা। জেনুইন ব্যাটারদের মতো প্রোটিয়া বোলারদের সামাল দিয়েছেন তিনি। একটু পর ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন হৃদয়। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
তবে কিছুক্ষণ বাদেই প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান করা তামিম ইকবালকে টপকে যান হৃদয়। তার আগে ৩৩৪ রান নিয়ে এতদিন সবার উপরে ছিলেন তামিম। শেষ পর্যন্ত হৃদয়ের যখন ৩৫০* রান, তখন ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ এ দল। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ১৮ রান তোলার পর দুই দল ড্র মেনে নেয়। প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা 'এ' দল ৫১২/১০ ও ১৮/০
বাংলাদেশ 'এ' দল ৬৭৬/৮ ডিক্লে.