নিজস্ব প্রতিবেদক : এবার নাজমুল হোসেন শান্তকে এশিয়ান গেমসের স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে। জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক হিসেবে থাকছেন লিটন দাস, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।
ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ ব্যাটার শান্ত টি-টয়েন্টি দল থেকে বাইরে আছেন এক বছরেরও বেশি সময় ধরে। তবে, এবার শান্তকে রেখেই এশিয়ান গেমসের দল সাজিয়েছে বিসিবি। তবে স্কোয়াডে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার। অন্যদিকে, জিম্বাবুয়ে সিরিজে ভালো পারফরম্যান্স করার পর এশিয়ান গেমসের স্কোয়াডেও জায়গা পেয়েছেন ইয়াসির আলী।
২০তম এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। আর রাউন্ড পর্বে মাঠে নামবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান। এই ছয়টি দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। সেখান থেকে দুইটি চারটি দল উঠবে নকআউট পর্বে।
এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে ছেলেদের প্রতিযোগিতা। এর আগে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেটের ম্যাচগুলো।
বাংলাদেশের স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।