স্পোর্টস ডেস্ক : ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসা বাংলাদেশের ভুল। বিষয়টিকে অন্য ভাবে সামাল দেওয়া যেত বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ যাওয়ার পর বাংলাদেশের সিদ্ধান্ত হঠকারী ছিল বলে মত তাঁর। বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে তামিম বলেছেন, আমার মনে হয় আমরা আরও ভাল করে আলোচনা করতে পারতাম।--- আনন্দবাজার
মুস্তাফিজুরের বিষয়টা নিয়ে গোটা দেশ হতাশ ছিল। এটা ঠিক। তবু এমন হওয়া উচিত ছিল না। এটা তখনও বলেছিলাম। এখনও বলছি। একদমই উচিত হয়নি। বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোনও ভাবেই ঠিক ছিল না। তিনি আরও বলেছেন, মনে রাখতে হবে, আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছিলাম। প্রথম বার আমরা যখন বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিলাম, তখন গোটা দেশ উদ্যাপন করেছিল।
হতে পারে, দু’বছর বা চার বছর অন্তর বিশ্বকাপ হয়। কিন্তু বিশ্বকাপটা তো বাংলাদেশের খেলার কথা ছিল। তাই আমার মনে হয়, ব্যাপারটা আমরা আরও ভাল ভাবে সামলাতে পারতাম। আমরা এমন একটা অবস্থানে চলে গিয়েছিলাম, যেখান থেকে ফেরা যায় না।
তামিমের দাবি, তাঁর কাছে এমন কিছু তথ্য রয়েছে যেগুলি প্রকাশ করতে পারবেন না। তবে জানলে মানুষ চমকে যাবে। বিসিবি সভাপতি বলেছেন, ‘‘আমি এখন আইসিসিতে রয়েছি। বিসিবির পদাধিকার বলেই আইসিসির সদস্য। তাই কিছু বিষয় জানতে পেরেছি। ওই সময় বেশ কিছু কথা হয়েছিল, কিছু কাজও হয়েছিল, যেগুলো জানলে আপনারা অবাক হবেন।’’ কী সেগুলি? তামিমের বক্তব্য, ‘‘প্রকাশ করতে পারব না। সম্মান বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। যা যা হয়েছিল, শুনতে খুব অবাক হবেন। বাদ দিন। ওগুলো নিয়ে আলোচনা করা যাবে না।
বিশ্বকাপ খেলা নিয়ে সমস্যাটা ঠিক কী হয়েছিল? বাংলাদেশের পদক্ষেপে কোনও ভুল ছিল? তামিম বলেছেন, ‘‘প্রথম দিনেই যদি বিষয়টা এমন জায়গায় চলে যায়, যেখান থেকে ফেরা সম্ভব নয়, তা হলে সমাধান কঠিন হয়ে যায়। কিছু ক্ষেত্রে খেলাকে খেলার জায়গাতেই রাখা উচিত। যাই ঘটুক, কোন দেশে খেলতে যেতে হচ্ছে— এই সব বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তবে খেলাটাকে খেলার জায়গায় রাখাই ভাল।
উল্লেখ্য, মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। তৎকালীন মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের ম্যাচগুলি সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার অনুরোধ করে। নানা ভাবে বুঝিয়েও বাংলাদেশের সুর নরম করাতে পারেনি জয় শাহের আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়।