স্পোর্টস ডেস্ক : এক দিনের ম্যাচ আর টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। তার হাত থেকে রেহাই পান না তারকা বোলাররাও। লাল বলের ক্রিকেটেও সেই ধারা বজায় রেখেছেন তিনি।
প্রথমবার তিন অঙ্ক স্পর্শের দ্বারপ্রান্তে ছিলেন বৈভব। ৮১ বলে ৯২ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। তবে তিন অঙ্ক স্পর্শ করা না হলেও পঞ্চাশ ছোঁয়া ইনিংসটির পথে ৫৭ বছর আগের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
দুলিপ ট্রফিতে সর্বকনিষ্ট ফিফটি করা ক্রিকেটার এখন বৈভব। ১৫ বছর ১৫৭ দিন বয়সে ইনিংসটি খেললেন তিনি। এতদিন রেকর্ডটি ছিল লক্ষণ সিংয়ের। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে দুলিপ ট্রফিতে ফিফটি করেছিলেন তিনি। বর্তমানে এখন তিনি তালিকার দুইয়ে। আর তিন নম্বরে ১৬ বছর ৩০৭ দিন বয়সে ফিফটি করা পিযুষ চাওলা।
দুলিপ ট্রফিতে প্রথম দিন প্রতিপক্ষকে ২৬৬ রানে গুটিয়ে দেয় ইস্ট জোন। এরপর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বৈভব। অবশ্য ব্যক্তিগত ৪০ রানের সময় একবার জীবন পেয়েছিলেন তিনি। ৪২ বলে ফিফটি তুলে নেন বৈভব।
এরপর ছুটছিলেন লাল বলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে। তবে মাত্র ৮ রানের জন্য সেই মাইলফলক স্পর্শ করতে পারলেন না তিনি। ১৯৯০-৯১ মৌসুমে ১৭ বছর ২৬২ দিন বয়সে সেঞ্চুরি করে এখনও এই তালিকায় শীর্ষে শচীন টেন্ডুলকার। তবে বৈভব যেভাবে ক্যারিয়ারের শুরুটা করেছেন শচীনের রেকর্ড খুব বেশিদিন টিকবে বলে মনে হয় না।