স্পোর্টস ডেস্ক : ভারত-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজে রবীন্দ্র জাদেজার বারবার নো বল করা নিয়ে কম আলোচনা হয়নি। এবার বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের পক্ষে সওয়াল করলেন ভারতের কিংবদন্তি অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে বারবার নো বল করার জন্য বোলারকে আর্থিক জরিমানা করা উচিত। শুধু বোলার নন, শাস্তির আওতায় আনা হোক বোলিং কোচকেও।
২০২১ সাল থেকে জাদেজা ৮৫টিরও বেশি নো বল করেছেন। সদ্য টেস্ট অভিষেক হওয়া সারাংশ জৈনও কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে একাধিকবার ক্রিজের আগে পা ফেলে সমস্যায় পড়েন। বিষয়টি নিয়ে ভারতের স্পিন বোলিং কোচ সিরাজ বাহুতুলে মজা করে নো বলের পর ‘ফ্রি হিট’-এর প্রস্তাব দিয়েছিলেন।
তবে সেই প্রস্তাব একেবারেই পছন্দ হয়নি গাভাসকরের। তাঁর মতে, নো বলের শাস্তি হিসেবে ফ্রি হিট চালু করলে টেস্ট ক্রিকেটে ব্যাটারদের রান করা আরও সহজ হয়ে যাবে। -- আজকাল
একটি সংবাদপত্রে নিজের কলামে গাভাসকর লিখেছেন, নো বল এমন একটি বিষয় যা পুরোপুরি বোলারের নিয়ন্ত্রণে। আধুনিক ক্রিকেটে রান আপ মাপার জন্য টেপ মেজার পর্যন্ত রয়েছে, তাই বারবার ওভারস্টেপ করার কোনও অজুহাত থাকা উচিত নয়।
গাভাসকারের প্রস্তাব, প্রথম নো বলের জন্য নির্দিষ্ট অঙ্কের জরিমানা করা হোক এবং প্রতিটি পরবর্তী নো বলের ক্ষেত্রে সেই জরিমানা দ্বিগুণ হতে থাকুক। অর্থাৎ একই ম্যাচে বারবার নো-বল করলে শাস্তির পরিমাণ দ্রুত বাড়বে।
এখানেই থামেননি প্রাক্তন ভারত অধিনায়ক। বোলিং কোচকেও জরিমানার আওতায় আনার প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর মতে, বোলারের জরিমানার অর্ধেক পরিমাণ অর্থ বোলিং কোচকেও দিতে হবে।
গাভাসকর লিখেছেন, এই জরিমানার টাকা দলের শেষ ডিনারের জন্য ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি মাঠে অন্য ধরনের ভুলের ক্ষেত্রেও দলের সদস্যরা নিজেদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে জরিমানা করার সিদ্ধান্ত নিতে পারেন। তাঁর মতে, এতে দলের মধ্যে মজার পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি পারস্পরিক বন্ধনও আরও শক্ত হতে পারে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত প্রথম ইনিংসে ২১৩ রানের লিড নিয়েও ম্যাচ জিততে পারেনি। সোনাল দিনুশার অপরাজিত ১৩৩ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা পঞ্চম দিন পর্যন্ত লড়াই করে ম্যাচটি ড্র করে। তবে গলে প্রথম টেস্টে জয় পাওয়ায় ভারত দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয়।