স্পোর্টস ডেস্ক: খারাপ পারফরম্যান্সের কারণে পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক সংখ্যা ক্রমেই কমছে বলে সতর্ক করলেন প্রাক্তন ক্রিকেটার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা। তাঁর মতে, সমর্থকদের ধরে রাখতে হলে জয়ের পাশাপাশি দলের মধ্যে লড়াইয়ের মানসিকতা, ইতিবাচক শরীরী ভাষা এবং প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা দেখা জরুরী।
ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হারের পর রামিজ বলেন, পাকিস্তানের সমর্থকরা প্রতিটি ম্যাচে জয় আশা করেন না। তবে তাঁরা চান, দল অন্তত শেষ পর্যন্ত লড়াই করুক। এক ক্রিকেট পডকাস্টে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক ও মাইকেল ভনের সঙ্গে আলোচনায় রামিজ বলেন, সোশ্যাল মিডিয়া ওদের পিছনে লেগেছে। ইতিমধ্যেই অনেক সমর্থক হারিয়েছে পাকিস্তান ক্রিকেট। ফলে টেস্ট ম্যাচ হারাটা এখন যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর প্রতিটি হারের সঙ্গে আরও কিছু সমর্থক ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন। --- আজকাল
পিসিবি চেয়ারম্যান থাকাকালীন পাকিস্তান ক্রিকেটের সমর্থকভিত্তি ও ব্র্যান্ড গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন রামিজ। তাঁর মতে, সমর্থকদের হারানো যে কোনও দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
রামিজ বলেন, পাকিস্তানকে সমর্থকদের পাশে থাকার কারণ দিতে হবে। আমি সবসময় বিশ্বাস করেছি, যখন আপনি সমর্থক হারাতে শুরু করেন, তখন প্রথম স্তম্ভটিই সম্ভবত ভেঙে পড়েছে। একটি দুর্দান্ত দল হতে হলে সমর্থকদের পাশে পাওয়া দরকার। তিনি আরও বলেন, কেউই আশা করে না যে একটি দল সব টেস্ট ম্যাচ জিতবে। কিন্তু লড়াই, উপস্থিতি, শরীরী ভাষা, এসব অন্তত দেখা দরকার।
এদিকে মাইকেল ভন ও অ্যালিস্টার কুকও পাকিস্তানের সমর্থক কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। তাঁদের দাবি, আগের পাকিস্তান সফরগুলোর তুলনায় চলতি সিরিজে ক্রিকেটারদের কাছ থেকে অটোগ্রাফ নিতে আসা সমর্থকের সংখ্যাও কমেছে।