স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়ান গেমসের ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাপানে খেলোয়াড়দের থাকার জন্য যে ধরনের ব্যবস্থা করা হচ্ছে, তাতে সেরা ক্রিকেটারদের না-ও পাঠাতে পারে বোর্ড। দ্বিতীয় সারির দল পাঠানোর কথা ভাবছেন বিসিসিআই কর্তারা। সে ক্ষেত্রে সোনার পদক ধরে রাখা কঠিন হতে পারে।
যে মাঠে ক্রিকেট ম্যাচগুলি হবে, সেই মাঠে কোনও সাজঘর নেই। তাঁবু খাটিয়ে অস্থায়ী সাজঘর তৈরি করা হবে। তাঁবুর ৫০০ মিটার দূরে শৌচালয়। ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হলে বেশ খানিকটা সময় নষ্ট হবে। এমন ব্যবস্থায় খুশি নন বিসিসিআই কর্তারা। আপত্তি জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্তারাও।
আপত্তির কথা জানানো হয়েছে আয়োজেকদেরও। কিন্তু জাপানে আন্তর্জাতিক ক্রিকেটের উপযুক্ত পরিকাঠামো নেই। কয়েকটা ম্যাচের জন্য পরিকাঠামো তৈরি করতেও রাজি নন এশিয়ান গেমসের আয়োজকেরা। এই পরিস্থিতিতে এশিয়ান গেমসে সেরা দল না-ও পাঠাতে পারে ভারত।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘জাপানের আয়োজন নিয়ে বিসিসিআই এবং এসিসি অখুশি। ব্যবস্থা খতিয়ে দেখতে বোর্ড প্রতিনিধি পাঠাবে জাপানে।
তিনি ফিরে এসে রিপোর্ট দেবেন। ব্যবস্থা সন্তোষজনক না হলে আমরা দ্বিতীয় সারির দল পাঠাব। তিনি আরও বলেছেন, এসিসির সঙ্গে বৈঠকেই জাপানের অলিম্পিক কমিটির প্রতিনিধিদের বিষয়টি বলা হয়েছে। তাঁবুকে সাজঘর এবং তার থেকে ৫০০ মিটার দূরে শৌচালয় ক্রিকেটারদের জন্য অস্বস্তিকর। যে হোটেলে ক্রিকেটারদের রাখা হবে, তার ঘরগুলিও খুব ছোট। সব মিলিয়ে ব্যবস্থা একদমই সন্তোষজনক নয়।’’ গত এশিয়ান গেমসে পুরুষ এবং মহিলা দু’বিভাগেই সোনা জিতেছিল ভারত।
এ বারও সোনা জয়ের লক্ষ্যে সেরা দল পাঠানোর সিদ্ধান্ত নেন বোর্ড কর্তারা। শ্রেয়স আসার এবং হরমনপ্রীত কৌরের নেতৃত্বে সেরা দল ঘোষণাও করা হয়। কিন্তু এমন অব্যবস্থার মধ্যে জসপ্রীত বুমরাহ, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশন, অক্ষর পটেল, তিলক বর্মা, বৈভব সূর্যবংশী, অর্শদীপ সিংহ, স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, জেমাইমা রদ্রিগেজদের মতো ক্রিকেটারদের ফেলতে রাজি নন বোর্ড কর্তারা।
এশিয়ান গেমস হবে জাপানের চতুর্থ বৃহত্তম শহর আইচি নাগোয়ায়। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে গেমস। উদ্বোধনের আগেই শুরু হবে ক্রিকেট। মেয়েদের ক্রিকেট হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর। ছেলেদের ক্রিকেট হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর।