স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বর মাসে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ভারতের মাটিতে সিরিজ হলেও আয়োজক দেশ আফগানিস্তান। ফলে এই সিরিজের সব দায়িত্ব তাদের। টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচারের স্বত্ব পাকিস্তানের একটি সংস্থাকে দিয়েছে তারা। এতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সিরিজের বাণিজ্যিক ও টেলিভিশন প্রোডাকশনের স্বত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের সংস্থা ‘ট্রান্সগ্রুপ’-কে। এই সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পাকিস্তান সুপার লিগের সব ম্যাচের সম্প্রচারের দায়িত্বে থাকে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, আফগান বোর্ডের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত ট্রান্সগ্রুপকে এই সিরিজের দায়িত্ব দেওয়া হয়েছে। সিরিজের মিডিয়া প্রোডাকশন পার্টনার টিপিটি৩৬০। ভারতে এই সিরিজ দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে ফ্যানকোডকে।
কিন্তু পাকিস্তানের সংস্থা সম্প্রচারের দায়িত্ব পেলে কী ভাবে ভারতে এই সিরিজ় সম্প্রচার হবে? তবে কি ভারতে টেলিভিশনে এই সিরিজ দেখা যাবে না? যাবে। সোনি স্পোর্টসে দেখানো হবে সিরিজ। মূল স্বত্ব ট্রান্সগ্রুপের কাছে থাকলেও তাদের কাছ থেকে ঘুরপথে সিরিজ়ের সম্প্রচারের দায়িত্ব নিয়েছে সোনি।
তবে এই ঘটনার বিতর্ক তৈরি হয়েছে। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় হয়নি। ভারত পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি। ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তান ভারতে এলেও চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছে তারা। এই পরিস্থিতিতে ভারতের মাটিতে আয়োজিত একটি সিরিজের দায়িত্ব পাকিস্তানের সংস্থাকে দিয়ে বিতর্কে জড়িয়েছে রশিদ খানদের বোর্ড। ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে তিন খেলা। তার আগেই শুরু হয়েছে নতুন বিতর্ক।