স্পোর্টস ডেস্ক : নিজের যোগ্যতায় ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন বীরেন্দ্র শেহবাগের পুত্র আর্যবীর ও রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয়। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এক দিনের সিরিজে ১৫ জনের দলে রয়েছেন আর্যবীর ও অন্বয়। আর্যবীর বিশেষজ্ঞ ব্যাটার। অন্বয় উইকেটরক্ষক। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাল্টি-ডে সিরিজের দলে জায়গা পাননি তাঁরা।
শেহবাগের ছেলে আর্যবীর এখন দিল্লি প্রিমিয়ার লিগে খেলছেন। তাঁর খেলা মুগ্ধ করেছে সকলকে। আর্যবীরের কভার ড্রাইভ, স্কোয়্যার ড্রাইভ অবিকল তাঁরা বাবার মতো। ইতিমধ্যেই দু’জনের খেলার তুলনা শুরু হয়েছে। বাবার মতোই বড় শট খেলতে ভালবাসেন আর্যবীর। দিল্লি প্রিমিয়ার লিগে নজর কেড়ে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।
দ্রাবিড়ের ছেলে অন্বয় কর্ণাটকের ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই নাম করে ফেলেছেন। স্কুল স্তর থেকেই তিনি চর্চায়। তবে দ্রাবিড় বা সহবাগ তাঁদের ছেলেদের খেলায় নাক গলাননি। নিজেদের মতো খেলতে দিয়েছেন। কোনও প্রভাব খাটানোর চেষ্টা করেননি তাঁরা। নিজেদের যোগ্যতাতেই জায়গা করে নিয়েছেন তাঁরা।
ভারতীয় ক্রিকেটে খ্যাতনামী বাবার খ্যাতনামী পুত্রের সংখ্যা খুব কম। লালা অমরনাথের ছেলে মোহিন্দর অমরনাথ বিশ্বকাপ জিতেছেন। তবে সুনীল গাওস্কর বা শচীন তেন্ডুলকরের পুত্র বাবার ধারেকাছেও পৌঁছোতে পারেননি। এবার নতুন আর এক প্রজন্ম উঠে এসেছে। ভারতীয় দলে হাতেখড়ি হতে চলেছে তাঁদের।