বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। ম্যাচে একটি গোল করলেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে সেই মিসের কারণ হিসেবে রেফারির সিদ্ধান্তে তৈরি হওয়া বিভ্রান্তির কথা তুলে ধরেছেন তিনি।
ম্যাচের ২৮তম মিনিটে বক্সের ভেতরে নুসাইর মাজরাউইয়ের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন এমবাপ্পে। তবে সঙ্গে সঙ্গে শট নেওয়ার সুযোগ পাননি। ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার কারণে তাকে প্রায় তিন মিনিট ১০ সেকেন্ড অপেক্ষা করতে হয়।
এই সময়ে সতীর্থ উসমান দেম্বেলে পেনাল্টি স্পটের পাশে দাঁড়িয়ে ছিলেন, যাতে প্রতিপক্ষের কেউ স্পট নষ্ট করতে না পারে। দীর্ঘ অপেক্ষার পর শট নিলেও এমবাপ্পের প্রচেষ্টা ছিল শক্তিহীন। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু সহজেই বলটি ঠেকিয়ে দেন।
পেনাল্টি মিসের পর হতাশা প্রকাশ করেন ফরাসি তারকা। পরে খেলা থামার সময় রেফারির কাছেও নিজের অসন্তোষ জানান।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘আমি পেনাল্টি মিস করেছি কারণ সেখানে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। রেফারি প্রথমে বললেন এটি পেনাল্টি, পরে এসে বললেন হয়তো এটি পেনাল্টি নাও হতে পারে। এতে আমার মনোযোগ পুরোপুরি নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতির মুখে আগে কখনও পড়িনি।’
এদিকে ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালি ম্যাককোইস্টও দীর্ঘ সময় ধরে ভিডিও পর্যালোচনা চলার সমালোচনা করেছেন। তবে তিনি মনে করেন, অপেক্ষা যতই দীর্ঘ হোক, এমবাপের পেনাল্টি নেওয়ার ধরন আরও আত্মবিশ্বাসী হওয়া উচিত ছিল।
তার ভাষায়, ‘অসন্তোষ থাকতেই পারে। কিন্তু তাই বলে থেমে থেমে দৌড়ে এসে গোলরক্ষকের নাগালে বল মারা ঠিক হয়নি। রান-আপে আরও দৃঢ়তা ও স্পষ্ট পরিকল্পনা থাকা দরকার ছিল।’