শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির আর্জেন্টিনাকে নকআউটে পেয়ে যা বললেন কেপ ভার্দের কোচ

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে অপরাজিত থেকে শেষ বত্রিশে জায়গা করে নেওয়া আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটির সামনে এবার সবচেয়ে কঠিন পরীক্ষা। নকআউটে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ৪ জুলাই মায়ামিতে লিওনেল মেসিদের বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। ম্যাচটির আগে আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন দলটির কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ফুটবল দুনিয়ায় ‘বুবিস্তা’ নামেই বেশি পরিচিত।

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাকে বড় সম্মান হিসেবে দেখছেন এই কোচ। তিনি বলেন, ‘এই মুহূর্তের অনুভূতিটা এখনো তাজা। আমরা বিশ্বাস করতাম, এই জায়গায় পৌঁছাতে পারব। আর্জেন্টিনার সঙ্গে আমাদের আবেগের সম্পর্কও রয়েছে। কেপ ভার্দের অনেক মানুষ সেখানে বসবাস করেন।’

মেসিকে নিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনা দলে লিওনেল মেসি আছেন, যাকে অনেকেই সর্বকালের সেরা ফুটবলার মনে করেন। তার বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলতে পারাটা আমাদের জন্য বড় সম্মান এবং দারুণ এক অভিজ্ঞতা হবে।’

গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নকে রুখে দিয়ে এবং শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ বত্রিশ নিশ্চিত করেছে কেপ ভার্দে। তবে এই সাফল্যকে কোনো রূপকথা বলতে নারাজ বুবিস্তা। তার ভাষায়, ‘এটি ভাগ্যের ফল নয়। খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের পুরস্কার। ছেলেরা যা করেছে, তাতে আমি গর্বিত। প্রথম দুই ম্যাচের পর থেকেই বিশ্বাস ছিল, আমরা পরের পর্বে যেতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমরা ছোট একটি দেশ হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন ছোট নয়। আমরা যা অর্জন করতে চাই, তার জন্য লড়াই করি। আমাদের কাছে অসম্ভব বলে কিছু নেই।’

বড় আত্মবিশ্বাস নিয়েই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। মায়ামিতে ফুটবল রূপকথার নতুন অধ্যায় লিখতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়