শিরোনাম
◈ শ্রমশক্তি, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতায় গুরুত্ব দিল বাংলাদেশ-কাজাখস্তান ◈ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, মিরপুরে সর্বোচ্চ মামলা ◈ তিন দিনেই উঠে গেল নতুন ২ কোটি টাকার রাস্তার পিচ, ক্ষোভে কাজ বন্ধ করল এলাকাবাসী ◈ তালিয়ান থেকে ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু হচ্ছে রাষ্ট্রীয় সফরের মূল পর্ব ◈ রাতভর নাটকীয়তার পর যেভাবে গ্রেফতার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র, তার বিরুদ্ধে যত অভিযোগ ◈ তৃতীয় টার্মিনালে বিদেশি আগ্রহ, আর্থিক ক্ষতিতে পড়বে বিমান ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস: প্রেসি‌ডে‌ন্টের প্রতিক্রিয়া ◈ ইরান মোকাবিলায় আমেরিকার অপেক্ষা নয়, একাই পদক্ষেপ নেবে ইসরায়েল: বেন-গভীর ◈ ডিসেম্বরে চূড়ান্ত হতে পারে আইএমএফের নতুন ঋণ সমঝোতা ◈ পেলে ও ম্যারাডোনার চেয়ে মে‌সি আলাদা স্তরে, বল‌লেন সুইডে‌নের ইব্রাহিমোভিচ 

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০২:২২ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ ম্যাচ শেষে নকআউটের দুয়ারে কারা, বিদায়ের পথে কারা

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব এখন দুই ম্যাচ শেষে প্রবেশ করেছে চূড়ান্ত উত্তেজনার পর্যায়ে। ৪৮ দলের এই নতুন ফরম্যাটে নকআউট পর্বে যাবে ৩২টি দল— প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল। ফলে শেষ রাউন্ডের আগে অনেক দল যেমন নকআউট নিশ্চিত করে ফেলেছে, তেমনি অনেকের বিদায়ও ঘটেছে আগেভাগেই। বাকি দলগুলো এখন দাঁড়িয়ে কঠিন সমীকরণের সামনে।

গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো টানা দুই জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করে আগেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়া ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং ড্র হলেই পরের পর্বে উঠবে। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা সমান ১ পয়েন্ট নিয়ে এখনো টিকে আছে, তবে জয় ছাড়া তাদের সামনে আর কোনো সহজ পথ নেই। বিশেষ করে জয়ই নির্ধারণ করবে দক্ষিণ আফ্রিকার ভাগ্য, আর চেকিয়ার জন্য গোল ব্যবধানের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গ্রুপ ‘বি’তে কানাডা ও সুইজারল্যান্ড সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই অবস্থানে আছে এবং শেষ ম্যাচেই নির্ধারণ হবে গ্রুপসেরা। ড্র পেলেই দুই দলই নকআউট নিশ্চিত করবে। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে বসনিয়া ও কাতারের সামনে সম্ভাবনা থাকলেও তাদের জন্য প্রয়োজন বড় ব্যবধানে জয় এবং অন্য ম্যাচের ফল।

গ্রুপ ‘সি’তে ব্রাজিল ও মরক্কো ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে দুইয়ে থাকলেও গ্রুপের লড়াই এখনো খোলা। পরবর্তী ম্যাচে ব্রাজিল জিতলে গ্রুপসেরা হবে, মরক্কোর সামনে ড্র বা জয় যথেষ্ট। তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডও জয়ের মাধ্যমে চমক দেখিয়ে নকআউট নিশ্চিত করার সুযোগে আছে। তবে কোনো পয়েন্ট না পাওয়া হাইতির বিদায় ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।

গ্রুপ ‘ডি’তে যুক্তরাষ্ট্র দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আগেই নকআউট নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানের লড়াইয়ে রয়েছে, যেখানে গোল ব্যবধান বড় ভূমিকা রাখবে। তুরস্ক টানা দুই হারে ইতোমধ্যে বিদায় নিয়েছে।

গ্রুপ ‘ই’তে জার্মানি দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে। আইভরিকোস্ট ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ইকুয়েডর ও কুরাসাও এখনও তৃতীয় স্থানের দৌড়ে থাকলেও তাদের জন্য শেষ ম্যাচই নির্ধারণী।

গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস ও জাপান ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমের প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। ড্র পেলেই দুই দলই পরের পর্বে যাবে। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকা সুইডেনের জন্য জয় ছাড়া বিকল্প নেই। কোনো জয় না পেয়ে গ্রুপের তলানিতে থাকা তিউনিসিয়া ইতোমধ্যে বিদায় নিয়েছে।

গ্রুপ ‘জি’তে মিসর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে; শেষ ম্যাচে জয় পেলেই গ্রুপসেরা হয়ে উঠবে রাউন্ড অব ৩২-এ। ইরান ও বেলজিয়াম সমান ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের লড়াইয়ে আছে, যেখানে ফেয়ার প্লে রুলও বড় ভূমিকা রাখতে পারে। নিউজিল্যান্ডের বিদায় অনেকটাই নিশ্চিত।

গ্রুপ ‘এইচ’ সবচেয়ে জটিল অবস্থায় রয়েছে, যেখানে স্পেন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। উরুগুয়ে ও কেপ ভার্দে সমান দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের লড়াইয়ে। সৌদি আরবও এখনও গাণিতিকভাবে টিকে আছে, তবে তাদের জন্য বড় ব্যবধানে জয় প্রয়োজন।

গ্রুপ ‘আই’তে ফ্রান্স ও নরওয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট করে নিয়ে আগেই ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত করেছে। এখন শুধু গ্রুপসেরার লড়াই বাকি। সেনেগাল ও ইরাক তৃতীয় স্থানের জন্য লড়ছে।

গ্রুপ ‘জে’তে আর্জেন্টিনা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এবং গ্রুপসেরা হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। অস্ট্রিয়া ও আলজেরিয়া দ্বিতীয় স্থানের জন্য লড়ছে, আর জর্ডান ইতোমধ্যে বিদায় নিয়েছে।

গ্রুপ ‘কে’তে কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করেছে। পর্তুগাল ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকলেও শেষ ম্যাচে তাদের সতর্ক থাকতে হবে। কঙ্গো এখনও তৃতীয় স্থানের সম্ভাবনায় আছে। কোনো পয়েন্ট না পাওয়া উজবেকিস্তানের বিদায় গতকাল রাতেই নিশ্চিত হয়েছে।

গ্রুপ ‘এল’ সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে, যেখানে ইংল্যান্ড ও ঘানা ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষে। ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে এখনও দৌড়ে আছে। শেষ ম্যাচে ইংল্যান্ড জয় পেলেই গ্রুপসেরা হবে, অন্যদিকে ঘানা ও ক্রোয়েশিয়ার লড়াই নির্ধারণ করবে দ্বিতীয় স্থান। অপরদিকে তলানিতে থাকা পানামার বিদায় আগেই নিশ্চিত হয়েছে।

সব মিলিয়ে ২ ম্যাচ শেষে বিশ্বকাপের নকআউট পর্বের চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠলেও শেষ রাউন্ডে অপেক্ষা করছে নাটকীয়তা, অঙ্কের হিসাব আর ভাগ্য নির্ধারণী লড়াই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়