শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৯ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বার রাজশাহীর মালিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, পাওনা পরিশোধের আশ্বাস

বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে বারবার প্রতিশ্রুতি লঙ্ঘনের দায় স্বীকার করে তিনি বলেন, ১০ ফেব্রুয়ারির মধ্যে সব পাওনা পরিশোধ করে দেবেন।

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এবারের বিপিএলে খেলোয়াড়, কোচিং স্টাফদের পারিশ্রমিক না দেওয়া নিয়ে বারবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের অনুশীলন বর্জন, টাকা না পেয়ে বিদেশিদের না খেলা, একাধিকবার চেক বাউন্স, বিদেশিদের হোটেলে আটকে থাকাসহ বিভিন্ন বিতর্কে জড়িয়েছে দলটি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে।

দলটির এমন অপেশাদার কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে এলে সমাধানের জন্য শফিকুর রহমানের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ক্রীড়া উপদেষ্টাকে দেওয়া প্রতিশ্রুতিও শফিকুর রহমান রক্ষা করেননি জানিয়ে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘উপদেষ্টা মহোদয়কে ২ ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরং গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানা অভিযোগ।’

দুর্বার রাজশাহী মালিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, ‘বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।’

হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর দুর্বার রাজশাহীর মালিক পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি প্রথম প্রহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সংকট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।’

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিপিএলের নানা অনিয়মের আদ্যোপান্ত অনুসন্ধানে একটি সত্যানুসন্ধান কমিটি কাজ করছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়