দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে এবং সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে খোলনলচে নিজেদের বদলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ সাড়ে আট দশকের ইতিহাসে প্রথমবারের মতো দলটির মূল গঠনতন্ত্রে বড় ধরনের সংস্কার আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে— কঠোর আদর্শিক গণ্ডি পেরিয়ে একটি উদার ও গণমুখী রাজনৈতিক শক্তিতে রূপ নেওয়া। এই পরিকল্পনার অংশ হিসেবেই বাইরের বিশেষজ্ঞ ও পেশাজীবীদের নিয়ে একটি স্বতন্ত্র ‘উপদেষ্টা পরিষদ’ গড়ে তোলা হচ্ছে, যেখানে কাজ করার জন্য দলটির শপথধারী সদস্য বা ‘রুকন’ হওয়ার কোনো প্রয়োজন পড়বে না। সম্প্রতি দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই যুগান্তকারী প্রস্তাবে নীতিগত সম্মতি মিলেছে।
এটি এখনো আলোচনার টেবিলে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার চিন্তা করা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন কমিটি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের
দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, জামায়াতের শীর্ষ নেতৃত্ব এখন উপলব্ধি করছে যে আধুনিক রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে এবং সব শ্রেণির মানুষের আস্থা অর্জন করতে কেবল দলীয় কর্মীদের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। সময়ের প্রয়োজনেই তাদের পুরোনো ও কঠোর নীতি থেকে বেরিয়ে আসতে হচ্ছে।
ঐতিহ্যগতভাবে জামায়াতের যাবতীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং মজলিসে শূরার মাধ্যমে। দলীয় নিয়ম অনুযায়ী, শপথপ্রাপ্ত রুকন না হলে বাইরের কোনো ব্যক্তির এই ফোরামগুলোতে যুক্ত হওয়ার বিন্দুমাত্র সুযোগ ছিল না। তবে এবার সেই চিরাচরিত প্রথা ভেঙে এবং রুকন হওয়ার বাধ্যবাধকতা তুলে দিয়ে বিভিন্ন ক্ষেত্রের মেধাবী ও বিশেষজ্ঞ ব্যক্তিদের দলের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পথে এগোচ্ছে প্রধান বিরোধী দলটি।
দলটির নীতিনির্ধারণের জন্য রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরা। এসব ফোরামে রুকন ছাড়া বাইরের কারও অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। এই প্রথম রুকন হওয়ার শর্ত এড়িয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের পথে এগোচ্ছে দলটি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি রয়েছে। এই কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে এবং দলের নির্বাহী পরিষদ তাতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের যুগান্তরকে বলেন, এটি এখনো আলোচনার টেবিলে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার চিন্তা করা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন কমিটি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সূত্রমতে, সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা এই পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন। জামায়াতের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশা ও সাধারণ মানুষের জনসমর্থন বাড়ছে। বিরোধী দল হিসাবে দেশ পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে চায় জামায়াত। সেই সঙ্গে ভবিষ্যতে ক্ষমতায় যেতে হলেও এই কট্টরপন্থি নীতি নিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। তাই গ্রহণযোগ্যতা বাড়াতে সঠিক পরামর্শের প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি।
জামায়াত সূত্র আরও বলছে, বিভিন্ন পেশাজীবী সেক্টরে দলের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্রীড়াঙ্গন, সংস্কৃতি ও সাংবাদিক অঙ্গন। এসব দুর্বল সেক্টরে জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করছে দলটি। সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে। আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। ৫শ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধিকে নিয়ে হতে যাওয়া এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় একটি বিশাল টিম কাজ করছে। সেখানে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা রয়েছেন এবং তারা সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারের ভুল ধরিয়ে দেওয়া এবং জামায়াত ক্ষমতায় গেলে এসব সমস্যা কীভাবে মোকাবিলা করবে, তার টেকসই সমাধানও খোঁজা হচ্ছে। জামায়াতকে একটি গণমুখী দলে পরিণত করতেই এসব নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সূত্রমতে, জামায়াতের গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়া হলো প্রথমে উপকমিটির সুপারিশ নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার অনুমোদন। এরপর তা রুকন সম্মেলনে পাশ করা। সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে প্রায় সোয়া এক লাখ রুকনের সম্মেলন করা সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলন করে গঠনতন্ত্র সংশোধন করা হতে পারে।
সূত্র : যুগান্তর