পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। জিয়াউর রহমানের স্বপ্ন ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।
মঙ্গলবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তাঁর শাসনামলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নও জিয়াউর রহমান দেখেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
এ্যানি চৌধুরী বলেন, জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের জন্য তিনি কাজ করেছেন।
রাজনীতিতে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য কাম্য নয় বলেও মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী। বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি আয়োজন কিসের ইঙ্গিত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ডিসেম্বরে ‘ফ্যাসিস্ট সরকার প্রধানের’ দেশে আসা এবং সরকারবিরোধী আন্দোলনের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনসহ অন্যরা।