শিরোনাম
◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশে, এলএনজি ভর্তুকিতে বড় চাপ ◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৭ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী

মনিরুল ইসলাম: চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে শুধু সমালোচনা নয়, কার্যকর বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর  রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, গ্যাস-বিদ্যুতের দাবিতে লংমার্চ বা কর্মসূচি দেওয়া গণতান্ত্রিক অধিকার। তবে এর পাশাপাশি সংকট সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনাও তুলে ধরা উচিত। তিনি প্রশ্ন রেখে বলেন, “কীভাবে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ করা হবে, কোথা থেকে আসবে—সে বিষয়ে বিরোধী দলকে সুস্পষ্ট প্রস্তাব দিতে হবে।”

তিনি আরও বলেন, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। তাই শুধু সরকারের সমালোচনায় সীমাবদ্ধ না থেকে সংকট উত্তরণে গঠনমূলক পরামর্শ দেওয়া সময়ের দাবি।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ প্রসঙ্গে রিজভী উল্লেখ করেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার বিঘ্ন বড় প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে বাধা তৈরি হওয়ায় আমদানিতে সমস্যা দেখা দিয়েছে বলে জানান তিনি। “এটি পুরোপুরি সরকারের নিজস্ব ব্যর্থতা নয়,”—যোগ করেন রিজভী।

তিনি সতর্ক করে বলেন, পরিকল্পিত অচলাবস্থা সৃষ্টি করলে পরিস্থিতি আরও জটিল হবে। অতীতের ভুলের পুনরাবৃত্তি না করে ভবিষ্যতমুখী সমাধানের দিকে নজর দিতে হবে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সাংস্কৃতিক পরিবেশনার ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, গান ও নৃত্য মানুষের মধ্যে সাহস ও উদ্দীপনা জাগিয়ে তোলে, যা আন্দোলনের শক্তিকে বাড়িয়ে দেয়।

বাংলাদেশের লোকজ ঐতিহ্য ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐতিহ্যের ইতিবাচক দিকগুলো গ্রহণ করতে হবে, তবে অমানবিক ও বৈষম্যমূলক প্রথা পরিহার করা জরুরি।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমদ উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান (সাইদ সোহরাব) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ