শিরোনাম
◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক ◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মহিলা বাস সার্ভিস’ নিয়ে যা বললেন ইসলামি দলগুলোর নেতারা

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কওমিপন্থি বিভিন্ন ইসলামি দলের নেতারা। তবে নারীদের ভারী যানবাহন চালকের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। অন্যদিকে এ সেবা যাতে অতীতের মতো কয়েকদিন পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দীন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির উদ্যোগে ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করা হয়। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৩টি রুটে মোট ১৪টি বাস দিয়ে এ সেবা চালু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলবে। বাসগুলো নারী চালক ও কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। এসব বাসে ই-টিকিটিং, সিসি ক্যামেরা ও জিপিএসের সুবিধাও রাখা হয়েছে।

এই উদ্যোগ নিয়ে কালবেলার সঙ্গে প্রতিক্রিয়ায় ইসলামি দলগুলোর নেতারা মূলত নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য পৃথক পরিবহন ব্যবস্থাকে ইতিবাচক হিসেবে দেখেছেন। পাশাপাশি নারী চালকদের দায়িত্ব, কর্মজীবী নারীদের কর্মপরিবেশ এবং সেবাটি দীর্ঘমেয়াদে চালু রাখার বিষয়েও মত দিয়েছেন তারা।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পৃথক পরিবহন ব্যবস্থাকে নারীদের জন্য নিরাপদ মনে করলেও ভারী যানবাহন চালানোর দায়িত্ব নারীদের দেওয়ার বিষয়টি বিবেচনার কথা বলেছেন। তিনি বলেন, ‘নারীদের জন্য আলাদা পরিবহন সার্ভিসকে আমরা তাদের জন্য নিরাপদ মনে করি। তবে ভারী গাড়ি চালানোর মতো দায়িত্ব নারীদের দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত বলে মনে করি। কারণ, এত বড় গাড়ি চালানো (ঝুঁকিপূর্ণ) নারীদের পক্ষে কতটা উপযুক্ত হবে, সে বিষয় নিয়ে আমাদের কানসার্ন আছে।’

তবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন পৃথক পরিবহন ব্যবস্থার ফলে নারীদের নিরাপদ যাতায়াতের সুযোগ তৈরি হওয়ার বিষয়টি তুলে ধরার পাশাপাশি সেবাটি দীর্ঘমেয়াদে চালু রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘নারীদের জন্য পৃথক পরিবহন ব্যবস্থা চালুকে সাধুবাদ জানাই। এ উদ্যোগের ফলে কর্মজীবী নারী, পর্দানশিন নারী ও মেয়ে শিক্ষার্থীরা ভিড়ভাট্টা ও গণপরিবহনে হয়রানি থেকে মুক্ত হয়ে নিরাপদে চলাচল করতে পারবেন। তবে অতীতের মতো এবারও কয়েকদিন চালু থাকার পর যেন এ সার্ভিস বন্ধ না হয়ে যায়, সে জন্য যথাযথ উদ্যোগ সরকারকে নিতে হবে।’

এদিকে কর্মজীবী নারীদের জন্য পৃথক পরিবহন ব্যবস্থা চালুর পাশাপাশি অফিস-আদালতেও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি। তিনি বলেন, ‘এদেশে নারীদের যাতায়াতের জন্য গণপরিবহনের অনেক সমস্যায় আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি। কর্মজীবী মা-বোনদের জন্য পৃথক বাহনের ব্যবস্থা নিঃসন্দেহে এটি প্রশংসার দাবিদার। আমরা মনে করি, সর্বক্ষেত্রে নারীদেরকে তাদের কাজের সম্মানজনক ব্যবস্থা করা প্রয়োজন। অফিস আদালতেও তাদের পৃথক সম্মানজনক ব্যবস্থা করা দরকার।’

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিও পৃথক পরিবহন ব্যবস্থাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘নারীদের জন্য পৃথক পরিবহন ব্যবস্থা একটি সুন্দর উদ্যোগ। আমরা সব জায়গায় নারীদের জন্য সম্মানজনক ব্যবস্থা চাই।’

জমিয়তের মতোই নারীদের জন্য পৃথক পরিবহন ব্যবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছে ইসলামী ঐক্যজোট। দলটির মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, ‘নারীদের জন্য আলাদা পরিবহন সার্ভিসের উদ্যোগ চমৎকার ও প্রশংসনীয়।’

এ ছাড়া নারীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার যেকোনো উদ্যোগকে আধুনিক ও সভ্য ব্যবস্থার অংশ হিসেবে দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘নারীদের জন্য যেকোনো স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপত্তামূলক ব্যবস্থাকে সাধুবাদ জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা সভ্যতার অংশ।’

বিআরটিসি জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৩টি রুটে ১৪টি বাস দিয়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলবে। ঢাকার বাসগুলো ১৬০টি স্টপেজে যাত্রীসেবা দেবে। চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টি স্টপেজ রাখা হয়েছে।

নারী যাত্রীদের পাশাপাশি বাসে কর্মরত নারী চালক ও সহকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাসগুলোতে সিসি ক্যামেরা ও জিপিএস সংযোজন করা হয়েছে। ই-টিকিটিং ব্যবস্থার মাধ্যমে বাসে ওঠার আগেই টিকিট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। এতে কাউন্টারে অপেক্ষার সময় কমার পাশাপাশি গণপরিবহনে প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত হবে।

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শুধু বাসে নয়, অপেক্ষার সময় এবং বাস থেকে নামার সময়ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নারী যাত্রীদের শুধু বাসে ওঠার পর নয়, অপেক্ষার সময় এবং বাস থেকে নামার সময়ও নিরাপদ পরিবেশ দিতে হবে। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই সেবা শুধু উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে এর মান উন্নত করতে হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, নারী-বান্ধব ও নারী চালকদের মাধ্যমে পরিচালিত এ ধরনের বাসসেবা ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এদিকে ঢাকার গণপরিবহনকে পরিবেশবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে দেশের অন্যান্য বিভাগেও নারীবান্ধব বাসসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়েছে। ফলে নতুন চালু হওয়া এই সেবা নিয়মিত ও টেকসইভাবে পরিচালনা, এর মান ধরে রাখা এবং পরিধি বাড়ানোই এখন সংশ্লিষ্টদের সামনে বড় চ্যালেঞ্জ।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়