মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণসহ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদারে আট দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান। সভা সঞ্চালনা করেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।
সভায় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, মো. আহসান উল্লাহ চৌধুরী, জাবেদ আহমেদ কিসলু, কে এম খালেদুজ্জামান জুয়েল, মো. ফেরদৌস ফকির, প্রকৌশলী জাকির হোসেন, ফারহানা চৌধুরী বেবী, অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, সদস্য এস এম মনিরুল ইসলাম, অ্যাডভোকেট আমিনুল হক, মিজানুর রহমান সরদার মিলন, মনিরুল ইসলাম পাটোয়ারী, এবিএম সোহেল রশিদ, জাকির হোসেন আখের, নাহিদ উল্লাহ চৌধুরী, শাহিনুর আবেদীন, প্রকৌশলী মো. মঞ্জু মিয়া, শাহ মো. বিল্লাল হোসেন, সাকিল আহমেদ, হুসাইন মো. সাইদুল ইসলাম সাঈদ, আতাউর রহমান চৌধুরী, এনামুল হক জুয়েল, অধ্যক্ষ আশরাফ হোসেন শাহীন, সৈয়দ আশরাফুল মজিদ খোকন, সুভাষ চন্দ্র দাস, ছামছুল হোসাইন, শিহাব খান, টাইগার সোহেল, সদস্য (দফতরের দায়িত্বে) মো. মিজানুর রহমান, সদস্য আশরাফুল ইসলাম দিপু, আব্দুল জাব্বারসহ অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে আট দফা সিদ্ধান্ত নেওয়া হয়।
নজরুলকে ঘিরে বিভিন্ন কর্মসূচি
সভায় জানানো হয়, সরকারের ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাসাসের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত ‘মধুমালা’ ও ‘আলেয়া’ নাটক মঞ্চস্থ করা হবে। পাশাপাশি কবির জীবন ও কর্মের ওপর একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া সারা দেশ থেকে নতুন প্রতিভা খুঁজে বের করতে নজরুলের জীবন ও কর্মভিত্তিক ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে বক্তব্য, আবৃত্তি, গান, নাচ ও কোরিওগ্রাফি অন্তর্ভুক্ত থাকবে।
নজরুল গবেষক, সংগীতশিল্পী, ব্যান্ডশিল্পী ও আবৃত্তিকারদের অংশগ্রহণে শীত মৌসুমে রাজধানীর আর্মি স্টেডিয়ামে দিনব্যাপী বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।
সাংগঠনিক কার্যক্রম জোরদারে সিদ্ধান্ত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাসাস নেতা জসীমের স্মরণে এবং আহতদের সম্মানে বিশেষ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সংগঠনের আগ্রহী নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় সনদপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনকে আরও গতিশীল করতে অননুমোদিত মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয় ইউনিটগুলোতে কর্মীসভা আয়োজন করে দ্রুত নতুন কমিটি অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে দায়িত্বও বণ্টন করা হয়েছে।
এ ছাড়া গত ২৭ জানুয়ারি নয়াপল্টনে জাসাস কার্যালয়ে সংঘটিত একটি ঘটনার তদন্তে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।