মনিরুল ইসলাম: ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া যুগপৎ শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজ ও সৌজন্য বৈঠকের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং রাজনৈতিক সৌহার্দ্য আরও জোরদার করতেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে একসঙ্গে থাকা শরিকদের প্রতি সম্মান জানানো এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় আরও সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।”
প্রেস সচিবের দপ্তর সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রায় দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত আমন্ত্রণপত্র সংশ্লিষ্ট নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
সরকার গঠনের পর শরিক দলগুলোর সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়েছেন, তাঁদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক ও নৈশভোজে অংশ নেবে। প্রতিনিধি দলে রয়েছেন সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও মাহমুদ হোসেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পর শরিকদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আয়োজন সরকার ও শরিকদের মধ্যে সম্পর্ক আরও সুসংহত করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশ্লেষকদের ভাষ্য, সরকার গঠনের পরপরই শরিকদের নিয়ে এমন উচ্চপর্যায়ের বৈঠক ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়ার একটি কৌশলগত পদক্ষেপ। আন্দোলনকালীন ঐক্য ধরে রাখা এবং ভবিষ্যৎ নীতি ও কর্মপরিকল্পনায় শরিকদের সম্পৃক্ত রাখার ইঙ্গিতও এতে রয়েছে।
নৈশভোজকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকার পরিচালনার অগ্রাধিকার এবং শরিক দলগুলোর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।