রাজশাহী মহানগরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ "স্মৃতি অম্লান" এর পরিকল্পনা, নকশা ও বাস্তবায়নকারী, দেশবরেণ্য স্থপতি রাজিউদ্দীন আহমাদ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন।
ইতোমধ্যে কানাডার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
স্থপতি রাজিউদ্দীন আহমাদ এর মেয়ে শিক্ষাবিদ ও সঙ্গীতাজ্ঞ ডক্টর আহমাদ মায়া আখতারী জানিয়েছেন, স্থপতি রাজিউদ্দীন আহমাদ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। কানাডার একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার চিকিৎসাও শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অত্যন্ত আধুনিক ও জটিল প্রক্রিয়ায় তার চিকিৎসা চলবে। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন বলেও জানান ডক্টর মায়া।
অন্যদিকে, কানাডায় স্থায়ীভাবে বসবাসকারী স্থপতি রাজিউদ্দীন আহমাদ এর দুই মেয়ে জানিয়েছেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তারা পারিবারিক ভাবে কাজ করছেন। তারা আরও জানান, রাজিউদ্দীন আহমাদ এর স্ত্রী, শিক্ষাবিদ হাবিবা আখতারী স্বপ্না ও জটিল রোগ ক্যান্সারে আক্রান্ত। তিনিও কানাডায় চিকিৎসাধীন আছেন। কানাডার জেষ্ঠ নাগরিক হিসেবে, অগ্রাধিকারে তাদের চিকিৎসা চলছে। তাদের রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষে দেশবাসীর কাছে দোয়া কামনা কামনা করা হয়েছে।