এল আর বাদল: নিজেকে ‘সেক্স ডাক্তার’ বা ‘যৌন ডাক্তার’ হিসেবে প্রচারের মাধ্যমে হেয় করার অভিযোগ তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক কর্মী তাসনিম জারা। তাঁর দাবি, কিছু আওয়ামী কর্মী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করতে এমন প্রচারণা চালাচ্ছেন। তবে তিনি নিজেকে মেডিসিনের চিকিৎসক হিসেবে উল্লেখ করেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, দীর্ঘদিন ধরে তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে প্রচার করা হলেও এতদিন তিনি এর কোনো জবাব দেননি।
তাসনিম জারা বলেন, যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের পেশাকে হেয় করার মতো কোনো বক্তব্য তিনি দিতে চাননি। তাঁর মতে, যৌনস্বাস্থ্য নিয়ে মানুষের নানা ধরনের সমস্যা রয়েছে, যা অনেকেই পরিবারের সদস্য, বন্ধু কিংবা জীবনসঙ্গীর কাছেও বলতে পারেন না। এসব ক্ষেত্রে চিকিৎসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, যৌন সমস্যা নিয়ে কথা বলতে সংকোচ করার কারণে অনেক মানুষ চিকিৎসকের কাছে যেতে চান না। এতে তারা ভুল চিকিৎসা বা ভুল ওষুধের শিকার হতে পারেন এবং দীর্ঘদিন কষ্ট ভোগ করতে পারেন। তাই যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ ধরনের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
তাসনিম জারা জানান, সম্প্রতি একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে পাওয়া একটি স্ক্রিনশটের মাধ্যমে তিনি জানতে পারেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ১৬০টি বিজ্ঞাপন চালানো হচ্ছে।
তাঁর অভিযোগ, হাজার হাজার ডলার ব্যয়ে তাঁর ছবির সঙ্গে অশ্লীল বক্তব্য যুক্ত করে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। পরে ওই বিজ্ঞাপনের স্ক্রিনশট ছড়িয়ে দিয়ে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
একই সঙ্গে তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ওষুধ, স্লিমিং পণ্য ও নানা ধরনের ‘চিকিৎসা’ বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাসনিম জারা স্পষ্ট করে বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ওষুধ, স্লিমিং পণ্য, চিকিৎসা বা ট্রিটমেন্ট বিক্রি করেন না। তাঁর নাম বা ছবি ব্যবহার করে এসব পণ্য বা সেবা বিক্রি করা হলে সেগুলোকে প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
তাসনিম জারা আরও জানান, গর্ভবতী মায়েদের জন্য তাদের তৈরি ‘Shohay Pregnancy’ নামে একটি অ্যাপ রয়েছে। তাঁর দাবি, অ্যাপটিতে কোনো পণ্য বিক্রি হয় না। অধিকাংশ ব্যবহারকারী এটি বিনামূল্যে ব্যবহার করেন এবং কেউ কেউ প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করেন।
নিজের নাম বা ছবি ব্যবহার করে কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্য বিক্রির বিজ্ঞাপন চোখে পড়লে তা না কেনার পাশাপাশি অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছেন তাসনিম জারা।
ফেসবুক পোস্টের শেষাংশে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যৌনস্বাস্থ্যসংক্রান্ত কোনো সমস্যা হলে সংকোচ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাঁর মতে, অনেক রোগের ক্ষেত্রেই দ্রুত চিকিৎসকের কাছে গেলে ভালো ফল পাওয়া সম্ভব।