পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আরও বলেছেন, ‘কে আসবে, আপা কবে আসবে, কী হবে, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করব। ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অনুমতি দেয়, আমরা সেটাই করব।’
সোমবার রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশপ্রধান বলেন, ‘পুলিশ যদি লাঠিপেটা করে, তখন বলে ফ্যাসিস্ট পুলিশ; আবার চুপ থাকলে বলে দুর্বল পুলিশ। আমাকে তো কাজ করার পরিবেশ দিতে হবে। সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘আপনারা পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করিয়েন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না। আমরা সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করি। সব দলের নির্বাচনের এজেন্ডা থাকে শান্তি-শান্তি। পরবর্তীতে দেখা যায়, ‘সালিশ মানি, তালগাছ আমার-আমাকেই দিতে হবে।’ তাহলে আমাদের সমাজ সুখী-সমৃদ্ধ হতে পারবে না।’
আইজিপি আরও বলেন, ‘স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।’
পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি। এ ছাড়া গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান আইজিপি।