প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের সময় অতিরিক্ত টাকা কেটে নেওয়া, প্রতিমাসে মিটার ভাড়াসহ নানা অভিযোগে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি ব্যাখ্যা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ডিপিডিসি)।
সম্প্রতি ডিপিডিসি জানিয়েছে, গ্রাহকদের ভোগান্তি ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে প্রিপেইড মিটার, বিলিং, ডিমান্ড চার্জ, ভ্যাট, মিটার ভাড়া এবং বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
মিটার ভাড়া কাদের ক্ষেত্রে প্রযোজ্য
যেসব গ্রাহক নিজ খরচে প্রিপেইড মিটার কিনে স্থাপন করেছেন, তাদের কোনো মিটার ভাড়া দিতে হবে না। তবে ডিপিডিসি সরবরাহ করা মিটারের ক্ষেত্রে প্রতিমাসে সিঙ্গেল-ফেজ মিটারে ৪০ টাকা এবং থ্রি-ফেজ মিটারে ২৫০ টাকা ভাড়া কাটা হবে।
মিটার নষ্ট হওয়ার পর গ্রাহক নিজে নতুন মিটার কিনে স্থাপন করলে তখন মিটার রেন্ট প্রযোজ্য হবে না।
অভিযোগ কোথায় করবেন
ডিপিডিসি জানিয়েছে, অস্বাভাবিক বিল, বিলিং-সংক্রান্ত অসঙ্গতি বা কারিগরি ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট গ্রাহকসেবাকেন্দ্র, অভিযোগকেন্দ্র বা ডিপিডিসির হটলাইন ১৬১১৬-এ যোগাযোগ করতে হবে।
অভিযোগ করার সময় গ্রাহক নম্বর ও মিটার নম্বর দিলে বিষয়টি যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।