স্পোর্টস ডেস্ক : সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার। তবে শেষদিকে তীরে গিয়ে তরী ডুবালো নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কা নারী দলের কাছে টাইগ্রেসরা হেরেছে ৪ উইকেটে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান তোলে বাংলাদেশ।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ওঠে ৩১ রান। ১০ বলে ১৪ রান করে জুয়াইরিয়া ফেরদৌস ফিরলে ভাঙে সেই জুটি।
আরেক ওপেনার দিলারা আক্তার খেলেছেন ২৬ বলে চার বাউন্ডারিতে ২৬ রানের ইনিংস। তিনে নামা সোবহানা মোস্তারি করেছেন ধীরগতির ব্যাটিং। ৪১ বলে ৪ বাউন্ডারিতে ৩৪ রান করেছেন তিনি।
তবে নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে ১৩ বলে ১৪ রান করেছেন ফাহিমা খাতুন। শ্রীলঙ্কার হয়ে চার ওভারে ২১ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন চামুদি প্রাবোদা।
রান তাড়ায় শুরুতেই মারুফা আক্তারের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কার ব্যাটাররা। দলীয় ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা।
তবে এরপরই জুটি গড়েন হার্ষিতা সামারািক্রমা ও নিলাকশিকা সিলভা। দুজনের জুটিতে ওঠে ৩৮ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় লঙ্কানরা। ২৩ বলে ১৮ রান করা নিলাকশিতাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মারুফা। তবে শ্রীলঙ্কাকে জিতিয়েই মাঠ ছেড়েছেন হার্ষিতা। শেষ পর্যন্ত ৩৭ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি শিকার করেছেন মারুফা আক্তার।