শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০২:৪৬ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খ্যাতিমান মানবাধিকার কর্মী আইরিন জুবাইদা খান। 

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে তিনি নতুন দায়িত্বে যোগ দেন। এর আগে গত ৮ জুলাই আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

আইরিন খান জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে ২০২০ সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করছেন। এ পদে দায়িত্ব পালন করা প্রথম নারী তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। সালাহউদ্দিন নোমানকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে এনে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

মানবাধিকার, লিঙ্গসমতা ও সামাজিক ন্যায়বিচার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আইরিন খান। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন। এর আগে জাতিসংঘের শরণার্থী সংস্থায় ২১ বছর কাজ করেছেন তিনি। বিভিন্ন দেশে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতে সংস্থাটির মিশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। 

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইনের শাসন ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থার নেতৃত্ব দেন আইরিন খান। তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতাও করছেন। এছাড়া যুক্তরাজ্যের সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগের ভিজিটিং অধ্যাপক এবং ‘দ্য ডেইলি স্টার’-এর পরামর্শক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আইরিন খান বিশ্বব্যাংকের লিঙ্গবিষয়ক উপদেষ্টা পরিষদ, ইউএনএইডসের এইচআইভি প্রতিরোধ ও মানবাধিকারবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেল এবং জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্টের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড ল স্কুলে পড়াশোনা করা আইরিন খান মানবাধিকারের ক্ষেত্রে অবদানের জন্য ২০০৬ সালে সিডনি শান্তি পুরস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।

 

  • সর্বশেষ