উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সহকারী সার্জন বা মেডিকেল অফিসার হিসেবে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী, নতুন এসব পদে নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা বাবদ সরকারের বছরে প্রায় ২৮৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় হবে। এর বাইরে অন্যান্য প্রশাসনিক ও পরিচালন ব্যয়ও থাকবে।
জানা গেছে, উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই বেলা বহির্বিভাগ, ল্যাবরেটরি ও জরুরি সেবা চালুর পাশাপাশি ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নতুন চিকিৎসক পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের এ-সংক্রান্ত প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।
দেশের ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসব নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে ৩১ শয্যার ৪৮টি, ৫০ শয্যার ৩৭৩টি এবং ১০০ শয্যার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন চিকিৎসক নিয়োগের মাধ্যমে উপজেলা পর্যায়ে বহির্বিভাগ ও জরুরি চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগে করোনাভাইরাস মহামারির সময় ২০১৯-২০ অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগে ১৫ হাজার ৩৮৮টি পদ সৃষ্টি করা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার সহকারী সার্জন বা সমমানের চিকিৎসক এবং ৪ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টির সরকারি উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থবছরে শুধু স্বাস্থ্য খাতেই বিভিন্ন পদে ১৫ হাজার ৮২০ জন নতুন জনবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্র- কালের কণ্ঠ