মনিরুল ইসলাম: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব ও কার্যপরিধি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সংরক্ষিত আসনের এমপিদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা নেই—তাদের দায়িত্ব পুরো বাংলাদেশজুড়ে।
আজ সোমবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, সরকারি দলের এক সংরক্ষিত নারী এমপি বক্তব্যে দুটি সংসদীয় আসনকে নিজের ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেছেন, যা বিভ্রান্তি সৃষ্টি করছে।
আখতার হোসেন আরও বলেন, সংশ্লিষ্ট এলাকায় এমন প্রচার চালানো হচ্ছে যে নির্বাচিত মূল সংসদ সদস্যের চেয়ে সংরক্ষিত আসনের এমপিই বেশি প্রভাবশালী এবং কার্যত সব দায়িত্ব পালন করবেন। তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের ‘অতিরিক্ত দায়িত্ব’ দেওয়ার সাংবিধানিক ভিত্তি কী এবং কেন এটি বিশেষ করে বিরোধী দলের জেতা আসনগুলোতেই দেখা যাচ্ছে। এর মাধ্যমে দেশে এক ধরনের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে কি না—সেই আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
এ জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের মধ্যে না পড়লেও এর একটি স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তিনি সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বলেন, জাতীয় সংসদ ৩০০টি সাধারণ আসন এবং অতিরিক্ত ৫০টি সংরক্ষিত নারী আসন নিয়ে গঠিত। সাধারণ আসনের ক্ষেত্রে নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকলেও সংরক্ষিত আসনের সদস্যদের জন্য এমন কোনো নির্দিষ্ট এলাকা নির্ধারিত নেই।
মন্ত্রী বলেন, “সংরক্ষিত আসনের এমপিদের নির্বাচনী এলাকা হচ্ছে সমগ্র বাংলাদেশ। তারা দেশের যেকোনো স্থানে কাজ করতে পারেন এবং তাদের দায়িত্বও জাতীয় পর্যায়ে বিস্তৃত।”
তিনি আরও ব্যাখ্যা করেন, কোনো সংরক্ষিত আসনের এমপি যদি নিজেকে নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ করে ফেলেন, তা সঠিক নয়। বরং তাদের উচিত নিজেদের সারাদেশের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা। সংসদ সদস্য হিসেবে তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ পান, তা দেশের যেকোনো স্থানে বণ্টন করতে পারেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সংরক্ষিত আসনের এমপিদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো এলাকা বা ‘অতিরিক্ত দায়িত্ব’ নির্ধারণের বিষয়টি সংবিধান বা আইনে নেই। ফলে এ নিয়ে বিভ্রান্তি বা রাজনৈতিক আশঙ্কার কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।