অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। ইতোমধ্যে চক্রটি এক নারী সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক জরুরি সতর্কবার্তায় অ্যাটর্নি জেনারেল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় তিনি জানান, চক্রটি ভিন্ন ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে তার নাম ও ছবি যুক্ত করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধ অর্থ দাবি করছে। অ্যাটর্নি জেনারেলের বেশ কয়েকজন নারী সহকর্মী টেলিফোনে এ ধরনের প্রতারণার কথা তাকে জানিয়েছেন। ভুক্তভোগীদের ভাষ্যমতে, প্রতারক চক্রটি অ্যাটর্নি জেনারেলের ভয়েস ক্লোন (কণ্ঠও নকল) করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
পুরো বিষয়টিকে অত্যন্ত উদ্বেগের আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, এ বিষয়ে তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছেন।
একইসঙ্গে কেউ যেন প্রতারক চক্রের ফাঁদে পা না দেয়, সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে পোস্টে তিনি প্রতারকদের মেসেজের কিছু স্ক্রিনশটও প্রকাশ করেছেন।