মনিরুল ইসলাম: সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ।
আজ শুক্রবার প্রায় সারাদিন তিনি বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি মূল্যায়নের মাধ্যমে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ করে বন্যাকবলিত এলাকার নারী ও শিশুদের সুরক্ষায় গুরুত্ব দিয়ে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে চুরি, ডাকাতি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।
অন্যদিকে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ত্রাণ ও সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।