এল আর বাদল: দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালু হয়েছে। রোববার (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়। সোমবার (২৯ জুন) থেকে আবেদন জমা নেওয়ার প্রথম দিনেই ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে দেখা যায় আবেদনকারীদের দীর্ঘ সারি। ভিসা পুনরায় চালু হওয়ায় স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আবেদনকারীরা।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করেছিল। এরপর সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ ছিল। নতুন হাইকমিশনার দায়িত্ব গ্রহণের পর সেই অচলাবস্থার অবসান হলো।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও এই সেবা চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর খবর ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে ভারতের কলকাতার অন্যতম জনপ্রিয় কেনাকাটার কেন্দ্র নিউমার্কেটে। বাংলাদেশি পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য হওয়ায় সেখানে ব্যবসায়ীদের মধ্যে ফিরে এসেছে আশাবাদ।
ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর শনিবার নিউমার্কেটের মারকুইস স্ট্রিট-ফ্রিস্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সিসিটিভি নজরদারি আরও জোরদার, প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং যেকোনো সমস্যায় দ্রুত সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
পরে স্থানীয় ব্যবসায়ীরা নিউমার্কেট এলাকার প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করেন। একই সঙ্গে দীর্ঘদিন পর পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ার আনন্দে তারা মিষ্টি বিতরণ ও মিষ্টিমুখ করেন।
নিউমার্কেটের বস্ত্র ব্যবসায়ী সঞ্জয় মজুমদার বলেন, “শুধু মেডিকেল ভিসার ওপর নির্ভর করে ব্যবসা চালানো সম্ভব ছিল না। ফলে পরিবহন থেকে শুরু করে পুরো এলাকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করছি আবার আগের মতো পরিস্থিতি ফিরবে।”
অন্যদিকে, নিউমার্কেটের জনপ্রিয় খাবারের হোটেল কস্তুরী ও খালেকের একজন কর্মচারী সাইফ উদ্দিন বলেন, “শুধু মেডিকেল ভিসায় আসা মানুষের ওপর নির্ভর করে ব্যবসা চলছিল না। পর্যটন ভিসা চালু হওয়ায় আমরা খুবই খুশি। আশা করছি আবার আগের মতো জমজমাট ব্যবসা হবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যটন ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন ও সীমান্তবর্তী অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।