নারীর ক্ষমতায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই উদ্যোগের অংশ হিসেবে ২০২৬-২০২৭ অর্থবছরে বাহিনীর নারী সদস্যদের জন্য ৯০ দিনব্যাপী জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ (N-5) কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
আগামী ০৫ জুলাই ২০২৬ থেকে ০২ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম দেশব্যাপী একযোগে পরিচালিত হবে। দেশের মোট ১৩টি কেন্দ্রে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের আনসার-ভিডিপি একাডেমি, ঢাকা নবাবগঞ্জের ভিডিপি এবং ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার জেলা কমান্ড্যান্ট কার্যালয়। প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন নারী সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন।
সংক্ষিপ্ত কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে বাহিনীর নিজস্ব ‘AVMIS’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনপূর্বক আবেদন করতে হবে। এই প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সংস্থাটির মতে, এই প্রশিক্ষণের মাধ্যমে নারী সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদেশে তাদের কর্মসংস্থানের উপযোগিতা তৈরি হবে, যা তাদের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে একটি কার্যকর পদক্ষেপ হিসেবেও কাজ করবে।
একই সঙ্গে উদ্যোগটি দেশের নারী সদস্যদের অর্থনৈতিক ক্ষমতায়ন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রণী ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
সূত্র: ডিবিসি নিউস