চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ২২টি স্থায়ী পদে ৩৯৩ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত এসব পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। আগামী ৮ নভেম্বর থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
যেসব পদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি লোক নেওয়া হবে নিরাপত্তারক্ষী পদে ১০২ জন। এ ছাড়া নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৮০ জন, খালাসি পদে ৬০ জন, লস্কর পদে ৫৫ জন, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অডিটর পদে ২০ জন এবং গ্রিজার পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে।
অন্য পদগুলোর মধ্যে রয়েছে পারসোনেল অফিসার বা সহকারী সচিব, সহকারী ম্যানেজার (এস্টেট), সহকারী পরিসংখ্যান কর্মকর্তা, লাইটিং অফিসার, সহকারী পরিদর্শক (ক্রাফটস), ইঞ্জিনচালক, ইলেকট্রিশিয়ান, ল্যান্ড সার্ভেয়ার, ওয়ার্ড কিপার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টুয়ার্ড, অফিস সহকারী, সহকারী সাব-ইন্সপেক্টর ও ভান্ডারি।
বেতন কত
পদ ও গ্রেড অনুযায়ী জাতীয় বেতনস্কেলে বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত বেতনসীমা ২০ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত।
পারসোনেল অফিসার বা সহকারী সচিব এবং সহকারী ম্যানেজার (এস্টেট) পদে বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং লাইটিং অফিসার পদে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, নিরাপত্তারক্ষী, খালাসি ও ভান্ডারি পদে বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। কিছু পদে কারিগরি শিক্ষা, নির্দিষ্ট ট্রেড কোর্স কিংবা কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত দেখে নিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিকাংশ পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে প্রথম শ্রেণির ইঞ্জিনচালক পদে সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং দ্বিতীয় শ্রেণির ইঞ্জিনচালক পদে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
সহকারী সাব-ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদের জন্য নির্দিষ্ট শারীরিক যোগ্যতা রয়েছে। এসব পদের প্রার্থীদের উচ্চতা ও বুকের মাপসংক্রান্ত শর্ত পূরণের পাশাপাশি সাঁতার জানতে হবে।
আবেদন ফি
পদের ক্রমিক নম্বর অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। প্রথম থেকে তৃতীয় পদের জন্য ২০০ টাকা, চতুর্থ থেকে ষষ্ঠ পদের জন্য ১৫০ টাকা, সপ্তম থেকে ১৭তম পদের জন্য ১০০ টাকা এবং ১৮তম থেকে ২২তম পদের জন্য ৫০ টাকা ফি দিতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদনসংক্রান্ত ওয়েবসাইট: https://cpadigital.gov.bd/jobs
আবেদনের সময়সূচি:
আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৬, রাত ১২টা।
ফি জমার শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬।
আবেদনের আগে প্রার্থীদের সংশ্লিষ্ট পদের যোগ্যতা, বয়স, শারীরিক শর্ত ও আবেদন ফি সম্পর্কে মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।