স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ সুগম করতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কংগ্রেসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগ তুলেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান প্রিন্স আলি বিন হুসেইন। তাঁর দাবি, কংগ্রেসে মতপ্রকাশ, প্রশ্ন তোলা ও বিতর্কের সুযোগ দেওয়া হয়নি।
গত শুক্রবার টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ কংগ্রেসে সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খালিফা ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানান। তাঁর দাবি, ইনফান্তিনোর পক্ষে ঐক্যবদ্ধ এশিয়া। অথচ দুই মাস আগেও ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাকে ‘বিশ্বাসভঙ্গ’ বলে সমালোচনা করেছিলেন শেখ সালমান।
কংগ্রেসের ঘটনাপ্রবাহ নিয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছেন ইনফান্তিনোর সমালোচক হিসেবে পরিচিত প্রিন্স আলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, প্রথম দুই দিন ফুটবল নিয়ে আলোচনা হলেও শেষ দিনটি ইনফান্তিনোর নির্দেশনায় পুরোপুরি রাজনৈতিক হয়ে ওঠে। তাঁর অভিযোগ, এশিয়া ইনফান্তিনোর পক্ষে ঐক্যবদ্ধ—এমন খবর ছড়ানো হলেও কাউকে কথা বলা, প্রশ্ন তোলা কিংবা গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেওয়া হয়নি।
প্রিন্স আলি আরও বলেন, স্বচ্ছতার অভাব জবাবদিহির ঘাটতি তৈরি করে। কোনো ধরনের জবরদস্তি, হুমকি কিংবা ঘুষের সুযোগ থাকা উচিত নয়। তবে নিজের অভিযোগের পক্ষে বিস্তারিত তথ্য দেননি তিনি। এ বিষয়ে মন্তব্য জানতে ফিফা ও এএফসির সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স।
গত আগস্টেও ইনফান্তিনোর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছিলেন প্রিন্স আলি। তাঁর দাবি ছিল, ফিফাকে সমর্থন দেওয়ার বিনিময়ে জর্ডানের সমস্যা সমাধানে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল। ২০২৫ সালের আরব কাপে অংশগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগও তুলেছিলেন তিনি। তবে এর দুদিন পরই জর্ডানের খেলোয়াড় ও কর্মকর্তারা তাঁদের বকেয়া অর্থ পেয়েছেন বলে জানান প্রিন্স আলি।
এদিকে, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর পদত্যাগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলেও তা উড়িয়ে দিয়েছেন ইনফান্তিনো। বরং বিশ্বজুড়ে সদস্য সংস্থাগুলোর ব্যাপক সমর্থন পাওয়ার দাবি করেছেন তিনি।
এএফসির সমর্থনে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের দৌড়ে ইনফান্তিনোর অবস্থান আরও শক্ত হয়েছে। অন্যদিকে, তাঁর বিরোধিতায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এখন পর্যন্ত ইনফান্তিনোর বিপরীতে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বীর উপস্থিতিও স্পষ্ট নয়।