শিরোনাম
◈ লাখো আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ◈ সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, জামায়াতের আবেদন কার্যতালিকা থেকে বাদ ◈ ছুটি শেষে ফিরেই দুঃসংবাদ: আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী ◈ মডেল স্নিগ্ধা কে নিয়ে যা বললো শাহরিয়ার নাজিম জয়(ভিডিও) ◈ কাঁচাবাজার স্থানান্তর নয়, কারওয়ান বাজারেই আধুনিক শপিং মল ও আড়ত চান ব্যবসায়ীরা ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে পারে আইসিসি ◈ ডলার নয়, ভারতীয় রুপিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে চায় রাশিয়া ◈ ভারতের দায়িত্ব ছাড়লেন সহকারী কোচ ডেসকাট, যুক্ত হচ্ছেন কলকাতা নাইটরাইডা‌র্সে ◈ কর্ণফুলী টানেলে চার রাতের জন্য বদলাচ্ছে যান চলাচলের নিয়ম ◈ দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতিতে দেশ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুথপেস্ট ছাড়া দাঁতের যত্নে যেসব প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন

টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা আমাদের দৈনন্দিন অভ্যাস। শিশু থেকে বয়স্ক-সব বয়সী মানুষের কাছে টুথপেস্ট এখন অপরিহার্য একটি পণ্য। কিন্তু সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। গবেষণায় দেখা গেছে, বাজারের অনেক টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। এমনকি শিশুদের জন্য তৈরি কিছু টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছেন, টুথপেস্ট ছাড়া কি দাঁত পরিষ্কার রাখা সম্ভব? বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টুথপেস্টই সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায় হলেও, কিছু প্রাকৃতিক উপাদান সীমিতভাবে ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো কখনোই দীর্ঘমেয়াদে ফ্লোরাইডযুক্ত টুথপেস্টের বিকল্প নয়।

বেকিং সোডা : বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট দীর্ঘদিন ধরেই দাঁত পরিষ্কারে ব্যবহার হয়ে আসছে। এটি দাঁতের ওপর জমে থাকা চা, কফি কিংবা কিছু খাবারের দাগ তুলতে সাহায্য করে। ব্রাশ ভিজিয়ে সামান্য বেকিং সোডা নিয়ে দাঁত মাজা যায়, অথবা অল্প পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করেও ব্যবহার করা যায়। অনেকে এক চিমটি লবণের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করেন। তবে এটি খুব ঘন ঘন ব্যবহার করা উচিত নয়, কারণ অতিরিক্ত ঘর্ষণে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে।

নারিকেল তেল : নারিকেল তেলে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। অনেকেই ‘অয়েল পুলিং’ পদ্ধতিতে এটি ব্যবহার করেন। ১ টেবিল চামচ নারিকেল তেল মুখে নিয়ে কয়েক মিনিট কুলকুচি করার পর তা ফেলে দিয়ে স্বাভাবিকভাবে দাঁত ব্রাশ করা হয়। এতে মুখের দুর্গন্ধ কমতে পারে এবং মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে।

লবণ : লবণ অনেক বছর ধরে দাঁত পরিষ্কারের একটি ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সামান্য লবণ ব্রাশে নিয়ে দাঁত মাজা যায়। এটি মুখের কিছু ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করলেও অতিরিক্ত ব্যবহার দাঁতের এনামেল ও মাড়ির জন্য ক্ষতিকর হতে পারে। তাই নিয়মিত নয়, প্রয়োজন হলে মাঝে মাঝে ব্যবহার করাই ভালো।

লেবু ও লবণের মিশ্রণ : অনেকে দাঁতের দাগ তুলতে লেবুর রস ও সামান্য লবণ ব্যবহার করেন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দাঁতের ওপরের কিছু দাগ কমাতে সাহায্য করতে পারে। তবে এটি অত্যন্ত অম্লীয় হওয়ায় ঘনঘন ব্যবহার করলে দাঁতের সুরক্ষামূলক এনামেল ক্ষয়ে যেতে পারে। তাই বিশেষজ্ঞরা এই পদ্ধতি নিয়মিত ব্যবহার না করার পরামর্শ দেন।

আপেল সিডার ভিনেগার : আপেল সিডার ভিনেগারও অনেকেই প্রাকৃতিক দাঁত পরিষ্কারক হিসেবে ব্যবহার করেন। অল্প পানির সঙ্গে মিশিয়ে কুলকুচি করা যেতে পারে। তবে এটিও অ্যাসিডিক হওয়ায় অতিরিক্ত ব্যবহার দাঁতের ক্ষতি করতে পারে। ব্যবহার করলে অবশ্যই পরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

অলিভ অয়েল : অলিভ অয়েল দিয়েও অয়েল পুলিং করা যায়। কয়েক মিনিট মুখে রেখে কুলকুচি করার পর ফেলে দিয়ে দাঁত ব্রাশ করলে মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে কিছুটা সহায়তা করতে পারে। যদিও এটি দাঁত সাদা করার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় নয়, তবে মুখের পরিচর্যার সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

প্রাকৃতিক উপাদানগুলো মুখের পরিচ্ছন্নতায় কিছুটা সহায়ক হলেও এগুলোর কোনোটিই ফ্লোরাইডযুক্ত টুথপেস্টের পূর্ণ বিকল্প নয়। দাঁতের ক্ষয় রোধ, ক্যাভিটি প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদে দাঁত সুস্থ রাখতে ফ্লোরাইডযুক্ত টুথপেস্টই সবচেয়ে কার্যকর বলে দন্তচিকিৎসকরা মনে করেন।

তাই ঘরোয়া উপাদান ব্যবহার করলেও তা যেন সীমিত হয় এবং নিয়মিত দাঁতের যত্ন ও প্রয়োজন হলে দন্তচিকিৎসকের পরামর্শ নেওয়া হয়।

সূত্র : মেডিকেল নিউজ টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়