নিজস্ব প্রতিবেদক : স্কুল পর্যায়ে রাগবির প্রসার ঘটাতে এবার সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে কাজ শুরু করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)। শিক্ষার্থীদের মধ্যে রাগবি জনপ্রিয় করা ও তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির লক্ষ্যে সম্প্রতি বিদ্যালয়টিতে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন ও স্কুল কর্তৃপক্ষের মতবিনিময় সভা।
রাজধানীর সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রিন্সিপাল ব্রাদার রক্তিম লিবিও চিরান, সিএসসি-এর সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)-এর যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সেন্ট নিকোলাস স্কুলের প্রিন্সিপাল ব্রাদার উজ্জ্বল ও ক্রীড়া শিক্ষক উইলসন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় বিদ্যালয়ের প্রিন্সিপালের হাতে অফিসিয়াল রাগবি বল তুলে দেন সাঈদ আহমেদ। প্রতীকী এই বল হস্তান্তরের মধ্য দিয়ে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে রাগবির নিয়মিত চর্চার পথ খুলল।
সাঈদ আহমেদ বলেন, ‘স্কুল ও কলেজ পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে বাংলাদেশ রাগবি ফেডারেশন কাজ করছে। সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের মতো প্রতিষ্ঠান রাগবির সঙ্গে যুক্ত হলে তৃণমূল পর্যায়ে এ খেলার ভিত্তি আরও শক্ত হবে।’
বিদ্যালয়ের প্রিন্সিপাল ব্রাদার রক্তিম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে দলীয় খেলার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের জন্য নিয়মিত রাগবি প্রশিক্ষণের আয়োজন করতে ফেডারেশনের সহযোগিতাও কামনা করেন তিনি।
মতবিনিময় ও বল হস্তান্তর অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)-এর যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।